কৃষি গবেষণা কাউন্সিলের কর্মশালায় সমন্বিত জাতীয় ভূমি ব্যবহার নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ
কৃষিজ ভূমি ব্যবহার নিশ্চিত, ভূমিক্ষয় রোধ এবং ভবিষ্যতের জন্যে ভূমি সম্পদ উন্নয়ন ও সংরক্ষণের জন্যে সমন্বিত জাতীয় ভূমি ব্যবহার নীতি প্রণয়ন করা জরুরী।
বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল (বিএআরসি) আয়োজিত ’কৃষি জমি অকৃষি কাজে ব্যবহার’ শীর্ষক এক কর্মশালায় শনিবার বক্তারা একথা বলেন। একই সঙ্গে তারা অব্যবহৃত অথবা অনুর্বর জমির কার্যকর ব্যবহারের প্রতিও গুরুত্বারোপ করেন।
কৃষি মন্ত্রণালয়ের সচিব কাজী আবুল কাশেমের সভাপতিত্বে বিএআরসি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী এমকে আনোয়ার, ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভুঞা, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, বিএআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. এম নুরুল আলম এবং সদস্য পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ।
কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) সাবেক পরিচালক রেজাউর রহমান।
এমকে আনোয়ার বলেন, প্রয়োজন অতিরিক্ত চাহিদার কারণে দেশে প্রতিনিয়ত কৃষিজ জমি অকৃষিজ জমিতে পরিণত হচ্ছে। তাই প্রতি বছর এক শতাংশ হারে কৃষিজ জমি হ্রাস পাচ্ছে।
তিনি পরিকল্পিত জমি ব্যবহারের পাশপাশি বিভিন্ন কাজে ব্যবহৃত জমি চিহ্নিত করতে ভূমি জরিপ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বর্ধিত জনসংখ্যার চাহিদা অনুয়ায়ী কষিজ জমি সংরক্ষণ ও জমির উর্বরতা বৃদ্ধির চেষ্টা থাকা উচিত।
কামাল উদ্দিন সিদ্দিকী বলেন, দেশের জমির অবস্থা নির্ণয় এবং এ ব্যাপারে একটি বাস্তবভিত্তিক পরিকল্পনা এবং সে অনুযায়ী কর্মসূচী গ্রহণ করা উচিত। এক্ষেত্রে স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদী এসব কর্মসূচী বাস্তবায়ন করা যেতে পারে।
তিনি বলেন, সরকার জমি সংরক্ষণ এবং উন্নয়নের জন্যে স্থানীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে।
রেজাউর রহমান বলেন, ভাল কৃষিজ জমি অকৃষিজ জমিতে পরিণত হওয়া থেকে সংরক্ষণের জন্যে সবচেয়ে ভাল পদ্ধতি হলো অঞ্চলভিত্তিক জমি নির্ধারণ (ল্যান্ড জোনিং) করা।
তিনি বলেন, জমির কাম্য ব্যবহার নিশ্চিত করতে বায়ো ডাইভারসিটি, মৃত্তিকা সংরক্ষণ এবং ভূমি ক্ষয় রোধ করা প্রয়োজন।
কর্মশালায় জানানো হয়, মৃত্তিকা ইনস্টিটিউট ইতোমধ্যে গাজীপুরে একটি অঞ্চলভিত্তিক জমি নির্ধারণ প্রকল্প বাস্তবায়ন করেছে। বাংলাদেশের মোট জমির মধ্যে ভাল কৃষিজ জমির পরিমাণ ৩৫ শতাংশ, মোটামুটি কৃষিজ জমির পরিমাণ ৪০ শতাংশ এবং অকৃষিজ জমির পরিমাণ ২৫ শতাংশ।
