কীর্তনখোলায় পীরের মুরিদ বোঝাই ট্রলার ডুবি, আরও দুটি লাশ উদ্ধার
বরিশালের কীর্তনখোলা নদীতে চরমোনাই’র পীরের মুরিদ বোঝাই ট্রলার ডুবির ঘটনায় বুধবার ওই নদী থেকে আরও দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে তিন জনে।
চরমোনাই মাহফিলের মিডিয়া সেলের কো-অর্ডিনেটর শহীদুল ইসলাম কবির জানান, বুধবার চরমোনাই এবং বেলতলা খেয়াঘাট এলাকা থেকে দুই মুরিদের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত লাশ দু’টির পরিচয় এখনও পাওয়া যায়নি।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চরমোনাই’র পীরের মুরিদ বোঝাই একটি ট্রলার কীর্তনখোলা নদীতে ডুবে যায়। প্রায় ২৬ ঘন্টা পর ট্রলারটি মঙ্গলবার দুপুরে উদ্ধার করা হয়।
এ পর্যন্ত তিন জনের লাশ উদ্ধার করা হলেও এখনও কত মুরিদ নিখোঁজ রয়েছে সে ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি মাহফিল কমিটি এবং প্রশাসন।
