ইউনিসেফ-বাংলাদেশ কর্মপরিকল্পনা স্বাক্ষর
বাংলাদেশ সরকার ও জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফ সোমবার যৌথ কান্ট্রি প্রোগ্রাম অ্যাকশন প্ল্যান (সিপিএপি) স্বাক্ষর করেছে।
এ কর্মপরিকল্পনা স্বাক্ষরে মাধ্যমে ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ইউনিসেফের সহায়তায় বাংলাদেশে কর্মসূচি সহযোগিতার রোডম্যাপ নির্ধারিত হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. ইসমাইল জাবিউল্লাহ ও বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি লুই জর্জেস আর্সেনল্ট সোমবার স্ব স্ব পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এ ব্যাপারে আর্সেনল্ট বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ দলিল। বাংলাদেশ সরকারের সাথে আমরা এ যাবৎকালে যত চুক্তি স্বাক্ষর করেছি, এর মধ্যে এটি হচ্ছে সর্ববৃহৎ কর্মসূচি। এটি পরবর্তী পাঁচ বছরে শিশু ও নারীদের জন্য প্রকৃত ও টেকসই ফলাফল বয়ে আনবে বলে আমরা আশা করছি।
সারা দেশে স্বাস্থ্য ও পুষ্টি, পানি, স্যানিটেশন, শিক্ষা, শিশুরক্ষা, শিশুদের জন্য নীতি, অ্যাডভোকেসি ও অংশীদারত্ব সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়নে সিপিএপি সহযোগিতা করবে। আগামী পাঁচ বছরে ইউনিসেফ ২৭০ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে।
সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (মিলেনিয়াম ডেভেলেপমেন্ট গোলস) অর্জনে বাংলাদেশের প্রচেষ্টায় সরাসরি অবদান রাখাই এ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য। জাতিসংঘ উন্নয়ন কাঠামো ও দারিদ্র বিমোচন কৌশলপত্রের সাথে সামঞ্জস্য রেখেই এটি প্রণয়ন করা হয়েছে।
এ ব্যাপারে ইআরডি সচিব ইসমাইল জাবিউল্লাহ বলেন, নতুন এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার সম্পর্ক আরো শক্তিশালী হবে। আর এর ফলে শিশুর বেঁচে থাকার সক্ষমতা ও তার উন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করি।
