২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তান পরিচয়ে দুইজনকে বিদেশ পাঠানোর অপচেষ্টায় অভিযুক্ত দুই সাংসদ

দুই সংসদ সদস্যের বিরুদ্ধে সন্তান পরিচয়ে দেশের বাইরে লোক পাঠানোর জন্য জাল কাগজপত্র সরবরাহ করার অভিযোগ পাওয়া গেছে। ঢাকাস্থ ফ্রান্স ও সুইজারল্যান্ড দূতাবাসে এ ঘটনা ঘটেছে বলে কূটনৈতিক সূত্র রোববার জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 08:30 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

সূত্র জানায়, দূতাবাস দু’টি আলাদা আলাদাভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাকে এ ব্যাপারে ইতোমধ্যে অবহিত করেছে। ভিসা আবেদনকারীকে ভিসা প্রদান করা হয়নি বলে সূত্র জানায়।

বিদেশে লোক পাঠানোর জন্য জাল কাগজপত্র সরবরাহের অভিযুক্ত সাংসদরা হলেন, জাতীয় পার্টির মো. মতিউর রহমান এমপি (পাসপোর্ট: ডি০০০৯৩৮৬) ও আওয়ামী লীগের অ্যাড. প্রমোদ মানকিন।

ফ্রান্স ও সুইজারল্যান্ড দূতাবাস ইতোমধ্যে বিষয়টি ঢাকাস্থ অন্যান্য পশ্চিমা দূতাবাসকে অবহিত করেছে এবং এটিকে নেতিবাচক দিক হিসেবে তুলে ধরার জন্য তালিকাভুক্ত করেছে।

সুইজারল্যান্ড দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার শাখাকে জানিয়েছে, মো. মতিউর রহমান এমপি ও তার স্ত্রী মিসেস হালিমা খাতুন (পাসপোর্ট: ডি০৭৩৩৮), তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ শাহাব উদ্দিন (পাসপোর্ট: কিউ০৯১৪৯০৬) এবং তাদের পুত্র/ভাতিজা মারুফ হাসান (পাসপোর্ট: এক্স০৯২৩৩৮৩) সুইস ভ্রমণ ভিসার জন্য আবেদন করেন।

চলতি বছরের জানুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার শাখাকে লেখা এক চিঠিতে সুইস দূতাবাস জানায়, পরবর্তীতে মতিউর রহমান দূতাবাসের সাথে সাক্ষাৎকারে জানায়, মারুফ হাসান তার ছেলে নয়, ভাতিজা। ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে তাকে ছেলে বলে উল্লেখ করেছি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মতিউর রহমান এমপি বিডিনিউজকে বলেন, মারুফ হাসান তার ভাতিজা। শৈশবে মাকে হারানোর পর থেকে মারুফ তার (মতিউর) স্ত্রীর কাছে রয়েছে। মারুফ তাকে বাবা ও তার স্ত্রী হালিমাকে দুধ মা বলে ডাকে।

তিনি বলেন, দূতাবাসের কাছে তিনি কোন সত্য গোপন করেননি, বরং সকল সত্য স্বীকার করেছেন।

দূতাবাসের চিঠিতে বলা হয়, তিনি (রহমান) কিছু জাল কাগজপত্র জমা দিয়েছেন। দূতাবাসে সরবরাহকৃত কাগজপত্রে তাকে মারুফ হাসানের পিতা বলে উল্লেখ করা হয়েছে।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের এমপি অ্যাড. প্রমোদ মানকিনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। অ্যাড. মানকিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যবিধি শাখার (প্রটোকল উইং) চিঠি অনুযায়ী একজনকে ফ্রান্সের ভিসা প্রদান করার জন্য ঢাকাস্থ ফরাসি দূতাবাসকে অনুরোধ জানান।

কিন্তু তদন্ত ও সাক্ষাৎকারের পর ফরাসি দূতাবাস জানতে পেরেছে জেমস আরেং অ্যাড. মানকিনের পুত্র নয়। যদিও তিনি জেমস আরেংকে নিজের পুত্র বলে দাবি করেছিলেন।

প্রমোদ মানকিনের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, জেমস আরেং আমার পালকপুত্র। আমি একজন রাজনীতিবিদ। জনগণের কল্যাণের জন্য আমি এতিমদের লালনপালনের দায়ভার নিয়ে থাকি এবং তাদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ করে থাকি। আমি দূতাবাসকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তারা তা গ্রহণ করেনি।

এদিকে নাম গোপন রাখার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, এ ধরনের ঘটনা নতুন নয়।