স্বাধীনতা দিবসে জঙ্গিবাদের বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ অনুষ্ঠানের আয়োজন
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইসলামী জঙ্গি গোষ্ঠীদের বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বলে কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে।
স্বাধীনতা দিবস উদযাপনের ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে প্রত্যেক মন্ত্রণালয় তাদের বিভিন্ন অর্জন তুলে ধরবে। গত ৩৫ বছরের অর্জনকে তুলে ধরার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে একই রকম আরও কিছু অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বৈঠক সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয় তাদের নিজস্ব তহবিল ব্যবহার করে এসব প্রতীকি প্রদর্শনের আয়োজন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয় থেকে কোনরুপ অর্থ বরাদ্দ করা হবে না।
১৯৭৭-৭৮ সালে সরকার এই একই ধরণের একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে সরকারের বিভিন্ন অর্জন সম্পর্কে ভিডিও চিত্রসহ আরো বিভিন্ন বিষয় দেখানো হয়েছিলো।
রেডিও ও টেলিভিশনে কুচকাওয়াজ সরাসরি সম্প্রচার করা হবে। বড় পর্দার সাহায্যে সাধারণ জনগণ যাতে পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে পারে সেজন্য নগরের বিভিন্ন স্থানে এলসিডি মনিটর স্থাপন করা হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ এবং নিরাপত্তা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ এই সভায় উপস্থিত ছিলেন।
