‘সে মৃত.....পরিচয় নেই’
‘সে মৃত.....পরিচয় নেই’। তেজগাঁওয়ে ভবন ধসের তিন ঘন্টা পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা আহত এক মহিলার হাতের নাঁড়ি পরীক্ষা করে কর্তব্যরত চিকৎসক জানালেন একথা।
তার জন্যে আর্তনাদ করার কেউই সেখানে ছিল না। চিকিৎসকের ঘোষণার পর ট্রলিতেই নিঃসঙ্গ পড়ে রইল তার নিথর দেহখানি। এমনকি সাংবাদিক বা পুলিশ কর্মকর্তা কারোই কিছু জিজ্ঞাসার নেই।
তেজগাঁও শিল্প এলাকায় শনিবার সকালে ফিনিক্স ডায়িং এর বহুতল ভবনটি ধসে যাওয়ার পর তা ধ্বংসস্তুপে পরিণত হয়।
বিকেল ৩টায় ওয়াকিটকির মাধ্যমে একজন পুলিশ কর্মকর্তা তার উপরোস্থ কর্মকর্তাকে বলছিলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ৩৭ জনকে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে দুই মহিলাসহ সাতজন মৃত।’
ধসে যাওয়া ভবনের নিচ তলায় কাজ করছিলেন শামীম নামে এক শ্রমিক। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন। তিনি বললেন, ‘নিহত মহিলারা নির্মাণ শ্রমিক হতে পারেন।’
‘আমরা একটি দেওয়াল সংস্কার করছিলাম.....হঠাৎই ভবনের উত্তর পাশের অংশ দেবে যেতে লাগল এবং পুরো ভবনটি ধসে পড়ল’ একথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন শামীম। তার ভাই তখনও ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে।
কাঁদতে কাঁদতে বলেন, ‘ সে বেঁচে আছে কি আমি জানি না।’
ধসে যাওয়া ভবনের পাশের থাকেন গার্মেন্ট কারখানার মেশিন অপারেটর মোখলেছ। তিনি জানান, তার বাড়ি টাঙ্গাইল জেলায়। দেয়ালের একটি টুকরো এসে আমার গায়ে পড়ার সময় পাশে শুয়ে থাকা কুদ্দুসের কোনও সাড়া শব্দ শুনতে পাইনি।’
রাতের ডিউটি সেরে মোখলেছ ও কুদ্দুস এসে তাদের কক্ষে শুয়ে পড়েন। কুদ্দুস একটি ওষুধ কোম্পানিতে দীর্ঘদিন ধরে চাকরি করতেন।
কুদ্দুস সম্পর্কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালের শয্যায় শুয়ে আহত মোখলেছ বলছিলেন, ‘আমি তার কোনও শব্দই শুনতে পাইনি, মনে হয় সে বেঁচে নেই।’
অজ্ঞাত মহিলার মতো হাসপাতালে মোখলেছকে সেবা করার কেউ নেই।
হাসপাতালে আহত পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার ভুপাল হালাদার বলছিলেন, ‘আমি জানি না কি করে আমি বাড়িতে টাকা পাঠাব।’ তার পা থেকে তখনও রক্ত ঝড়ছিল।
তবে ঠিক কি কারণে ভবনটি ধসে পড়ে তা এখনও তাদের অজানা।
ভবনের নিচ তলার একপাশের দেওয়াল ভেঙ্গে ফেলার কাজ চলছিল, আবার একই সময়ে অপর অংশে নতুন করে দেওয়াল নির্মানেরও কাজ চলছিল। এ কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকে মনে করছেন।
