২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের শিল্পক্ষেত্রে সবচে বড় প্রাণহানির ঘটনা: চট্টগ্রামের বস্ত্র কারখানা থেকে ৫৩ লাশ উদ্ধার, বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা ৮৫

বন্দরনগরী চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় বৃহস্পতিবার রাতে একটি কম্পোজিট গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে শুক্রবার সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

নিহতদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক। দেশের শিল্প কারখানায় স্মরণকালের সর্ববৃহৎ এ মর্মান্তিক ঘটনায় কমপক্ষে আরো ৬৩ জন আহত হয়েছে।

তবে উদ্ধারকর্মী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা মৃতের সংখ্যা ৮৫ বলে জানিয়েছেন। এখনও অনেক শ্রমিক নিখোঁজ রয়েছেন।

আহতদের মধ্যে কমপক্ষে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (সিএমসিএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

নিহতদের পরিচয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

সাম্প্রতিক সময়ে এটিই দেশের সবচে বড় ধরণের অগ্নিকাণ্ড।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতের সংখ্যা আরো বেশি। কেননা, অগ্নিকাণ্ডের সময় ওই কারখানাটিতে ১,০০০ জনের মত শ্রমিক কর্মরত ছিল। তাদের মধ্যে মাত্র ২৫০ জন ভয়াবহ আগুনের কবল থেকে প্রাণে বাঁচতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডের পর থেকেই কেটিএস কারখানার মালিক, বিজিএমইএ ও বিকেএমইএ সদস্য ওয়াহিদুর রহমান চৌধুরী গা ঢাকা দিয়েছেন। তবে তার পরিবারিক সূত্র দাবি করেছে, তিনি আমেরিকায় রয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর অগ্নিদগ্ধ ৬৩ জন শ্রমিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃত অধিকাংশ মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চিকিৎসক এবং নার্সরা আহতদের চিকিৎসার্থে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আহতদের উন্নত চিকিৎসার্থে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অগ্নিদগ্ধ রোগিদের আর্তচিৎকারে হাসপাতাল এবং ওই কারখানার আশেপাশের এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাতাল এবং কারখানা ঘিরে রেখেছে। স্বজনদের খোঁজে হাসপাতাল ও কারখানা এলাকায় শ্রমিকদের স্বজনরা ভিড় জমিয়েছে।

স্থানীয় চাঁদগাঁও ওয়ার্ডের কমিশনার নাজিমউদ্দিন আহমেদ জানান, অগ্নিকাণ্ডের আগে কারখানা কর্তৃপক্ষ ৫৮০জন শ্রমিকদের জন্যে খাবার সরবরাহ করতে পার্শ্ববর্তী এক ব্যাকারিতে অর্ডার দিয়েছিল। সেটি ছিল মাত্র এক শিফটের জন্যে। যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে তখন ওই কারখানায় আরো ৫৮০ শ্রমিক অপর এক শিফটে কাজ করছিল।

চারতলা ভবনের কারখানাটির নিচের তলায় বৃহস্পতিবার রাত ৭টার দিকে আগুন লাগে। দমকল বাহিনীর ৫০টি ইউনিটের কর্মীরা সারা রাত চেষ্টার পরও শুক্রবার সকাল ৯টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। দুপুর ২টার দিকে অবশেষে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এখনো অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

বেঁচে যাওয়া শ্রমিকদের অভিযোগ, অগ্নিকাণ্ডের সময় কারখানার কর্মকর্তা -কর্মচারিদের ব্যবস্থাপক তাদেরকে মোবাইল ফোনে নিচতলা থেকে ওপরে যাওয়ার জন্যে বলে।

কারখানার শ্রমিক রাজু জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানার প্রধান ফটক তালাবদ্ধ ছিল। আর জরুরি বহির্গমন পথ না থাকায় শ্রমিকরা বাইরে বেরিয়ে আসতে পারেনি।

সিএমসিএইচে রাজু বিডিনিউজকে জানায়, আগুনের বি¯তৃতি বেড়ে যাওয়ার সাথে সাথে শ্রমিকরা বের হওয়ার কোনো উপায় না দেখে প্রাণে বাঁচতে ভবন থেকে নিচে লাফিয়ে পড়ে। আগুনের ভয়াবহতা থেকে প্রাণে বেঁচে গেলেও তাদের অনেকেই মারাত্মক আহত হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে ছিলেন নুর নাহার (৩০)। তাকে সিএমসিএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নূরনাহার জানান, মহিলারা ছিল সবচেয়ে বেশি দুর্ভাগা। মৃত্যুকে মেনে নেয়া ছাড়া তাদের কোন উপায় ছিল না।

বড় একটি শব্দের পরই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে বলে তিনি বিডিনিউজকে জানান।

তিনি আরও জানান, কারখানায় জরুরি বহির্গমন পথ নেই। আগুনের হাত থেকে বাঁচার জন্যে পালানোর সময় অনেকে পদদলিত হয়।

মৎস ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা বলেন, দুর্ঘটনার সময় কারখানার প্রধান ফটক বন্ধ ছিল।

এম মোরশেদ খান বলেন, সরকার একটি বড় ধরনের তদন্ত কমিটি গঠন করবে। একজন শিল্প কারখানার মালিকের ব্যবসার জন্যে শ্রমিকরা প্রাণ দেবে-এটা হতে পারে না।

তিন মন্ত্রী ছাড়াও সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, হুইপ ওয়াহিদুল আলম হাসপাতাল পরিদর্শন করেছেন। তারা চিকিৎসাধীন আহত শ্রমিকদের সাথে কথা বলেন।

পার্শ্ববর্তী শিল্প কারখানার শ্রমিকরা বলেন, অতীতেও একাধিকবার কেটিএস কারখানায় আগুন লাগে। কিন্তু কারখানা মালিক আলাদা কোন বহির্গমন পথ তৈরি করেননি।

তারা জানান, প্রধান ফটক বন্ধ থাকায় অনেক শ্রমিক তৃতীয় ও চতুর্থ তলা থেকে লাফ দিয়ে নিচে পড়েছন। ঘটনায় আকস্মিকতায় হতবিহ্বল শ্রমিকরা ফটক খুলতে পারেনি। কারখানার ভেতরে পদদলিত হয়ে অনেক শ্রমিকের মৃত্যু হতে পারে।

তারা জানান, কেটিএস কারখানার সিঁড়িতে অনেকের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। তারা মরিয়া হয়ে কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করেছে বলে মনে হচ্ছে।

দমকল বাহিনী ইতোমধ্যে ডেপুটি ডিরেক্টর (ঢাকা) এম কুতুবউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন- রাশেদুল ইসলাম মজুমদার (সহকারী পরিচালক, চট্টগ্রাম) এবং সুভাষ চন্দ্র দেবনাথ (সিনিয়র স্টেশন অফিসার, চট্টগ্রাম)।

১০দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে বলা হয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজেএমইএ) মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে একটি কমিটি ইতোমধ্যে বন্দরনগরীতে পৌঁছেছে।

দমকল বাহিনীর সাথে পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়। জীবন্ত কাউকে উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় শুক্রবার বিকেলে তারা উদ্ধার অভিযান স্থগিত করে দেয়।

শুক্রবার সকাল ৬টা থেকে কাউকে কারখানা ও তার আশেপাশের এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। ঘটনাস্থলের আশেপাশের এলাকা পরিদর্শন করতে গিয়ে গ্যাসের গন্ধ পাওয়া গেছে।

শিল্প সূত্র জানায়, ১৯৯০ সাল থেকে দেশের কারখানায় ২৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৫০জন গার্মেন্ট শ্রমিক নিহত ও আরো ২,৫০০ জনের মত আহত হয়েছে।