২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকান রেড ক্রস শিশুদের টিকা প্রদান কার্যক্রমে ৯ কোটি ৫০ রাখ ডলার ব্যয় করবে

আমেরিকান রেড ক্রস আগামী পাঁচ বছরে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে শিশুদের মধ্যে টিকা প্রদান কার্যক্রমে ৯ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2006, 02:35 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সংস্থার মুখপাত্র ব্রায়ান হ্যাশেল বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, বাংলাদেশে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে তিন সপ্তাহব্যাপী যে হামের টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে তার জন্য আমেরিকান রেড ক্রস এক কোটি ৬০ লাখ ডলার প্রদান করেছে। এ সহযোগিতা অব্যাহত থাকবে।

মরণঘাতি রোগ হাম প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রমে সহযোগিতা ছাড়াও তারা সামাজিক স্বাস্থ্য প্রকল্পে কাজ করতে আগ্রহী বলে তিনি জানান।

বাংলাদেশে পাঁচ বছরের নিচে শিশু মুত্যুর অন্যতম কারণ হলো হাম। এই বয়সী শিশুরা যে ক’টি রোগে সবচেয়ে বেশী মারা যায় তার মধ্যে হামের অবস্থান পঞ্চম।

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) সহ বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় বাংলাদেশ সরকার ২৫ ফেব্রুয়ারি থেকে যে টিকা প্রদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে তা হবে হাম প্রতিরোধে বিশ্বের সবচেয়ে বড় কর্মসূচি।

এই কর্মসূচিতে ৩ কোটি ৪০ লাখ শিশুকে হামের টিকা প্রদান করা হবে। টিকা প্রদান কার্যক্রম শেষ হবে ১৬ মার্চ।

বিডিনিউজকে ব্রায়ান হ্যাশেল বলেন, বাংলাদেশে এই ধরনের কার্যক্রমে জনসাধারণের বিশাল অংশ স্বত:স্ফ’র্তভাবে অংশ গ্রহণ করলে দাতারা তাতে সহযোগিতা করতে আগ্রহী হয়। “এজন্যই আমরা এ ধরনের কার্যক্রমের সফলতার বিষয়ে আশাবাদী।”

হাম প্রতিরোধে গৃহীত কার্যক্রমে আমেরিকান রেড ক্রস অন্যতম প্রধান সহযোগী প্রতিষ্ঠান। এতে আরো অংশ নিচ্ছে জাতিসংঘ ফাউন্ডেশন, সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আগামী ২৫ ফেব্রয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বের সবচেয়ে বড় হাম প্রতিরোধ কার্যক্রমে ৫০ হাজার দক্ষ টিকা কর্মী ও সাড়ে সাত লাখ স্বেচ্ছাসেবী অংশ নেবেন।

সরকার আয়োজিত এই টিকা প্রদান কার্যক্রমের মাধ্যমে ঝুকিপূর্ণ শিশুরা সম্ভাব্য হাম রোগের ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার সুযোগ পাবে।

ইউনিসেফের হিসেবে বাংলাদেশে প্রতি বছর ২০ হাজার শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, যদিও এক বছরের নিচে ৭০ শতাংশ শিশুকে নিয়মিত টিকা প্রদান কার্যক্রমে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে।

ইউনিসেফ বলছে, বাংলাদেশে যে কোন জনস্বাস্থ্য সচেতনতা বিষয়ক কার্যক্রমের মধ্যে এটাই সবচেয়ে বড় পদক্ষেপ।

সংস্থাটি আরো জানায়, বাংলাদেশের ১০ বছরের নীচে তিন কোটি পঁয়ত্রিশ লাখ শিশুর সবাইকে এই টিকা প্রদান কার্যক্রমের আওতায় আনার জন্য হামের চার কোটি টিকার ডোজ, চার কোটি একবার ব্যবহার যোগ্য সিরিঞ্জ, চার কোটি পুনরায় ব্যবহার যোগ্য সিরিঞ্জ এবং দুই লাখ নিরাপদ বাক্স প্রস্তুত ও সরবরাহ করা হয়েছে।

সারা পৃথিবীতে হাম রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর চার লাখ ৮০ হাজার শিশু মৃত্যুবরণ করে, যার অর্ধেক কেবল আফ্রিকাতেই। এ খবর অনেক আমেরিকাবাসীই রাখেন না।