সারের দাবিতে সাতক্ষীরায় ডিসি অবরুদ্ধ, সড়ক অবরোধ, অনশন
সাতক্ষীরায় সারের দাবিতে বিক্ষুব্ধ হাজার হাজার কৃষক বুধবার পাটকেলঘাটায় মিছিল সমাবেশ করে এবং ডিসিকে তার কার্যালয়ে দু’ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরবর্তীকালে পাটকেলঘটা থানা পুলিশ তাকে উদ্ধার করে।
একই দিনে খুলনা-সাতক্ষীরা সড়ক এবং সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের আলীপুর এবং সখিপুর নামক স্থানে কয়েক হাজার কৃষক সারের দাবিতে কয়েকঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
ডিলারের দোকানের সামনে অনশন ধর্মঘটও করেছে কৃষকরা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় বোরো ধানের ফলন ভালো। কৃষকরা বোরো চাষের শুরুতেই বিদ্যুৎ এবং ডিজেল সংকটে পড়ে আছে। তবে চাষ শুরুর প্রথম দফায় সামান্য পরিমাণ সার পেলেও দ্বিতীয় দফায় কৃষকরা সারের তীব্র সংকটে পড়েছে। সারের জন্যে তারা বিভিন্ন ডিলারের কাছে ধর্না দেয়।
এদিকে ডিলাররাও সার না পেয়ে গোডাউন বন্ধ করে গা ঢাকা দিয়েছে। এ অবস্থায় কৃষকরা বাধ্য হয়ে রাস্তায় বেরিয়ে আসে এবং জোটবদ্ধ হয়ে পাটকেলঘাটা বাজার, সদর উপজেলার ধুলিহর বাজারে অবস্থান নেয়। সেখানে এক সার ডিলারের দোকানের সামনে কয়েকজন কৃষক অনশন ধর্মঘট শুরু করে।
কৃষি অধিদপ্তর সূত্র জানায়, এ বছর জেলায় ৫২ হাজার ৫১৫ হেক্টর জমিতে বোরো চাষ শুরু হচ্ছে। এর জন্যে ১১ হাজার ৭৭ মে. টন সারের প্রয়োজন হলেও চাহিদা অনুযায়ী সার বরাদ্দ দেওয়া হচ্ছে না।
কৃষি অধিদপ্তরের উপ পরিচালক মহিউদ্দীন আহমেদ জানান, সাতক্ষীরা অঞ্চল চট্টগ্রামের আওতায় থাকায় নদীপথে সার আসতে ৮/১০দিন সময় লাগছে। একই সাথে চাহিদার বিপরীতে মাত্র ৫০ ভাগ বরাদ্দ পাওয়ায় সংকট তীব্রতর হয়েছে। ্ এদিকে জেলা প্রশাসক মো. ইলিয়াস সাংবাদিকদের জানান, সপ্তাহখানেকের মধ্যেই সার সংকট কেটে যাবে।
