ওলামা লীগ সভাপতিকে বোমা হামলার হুমকি
মোবাইল ফোনে শনিবার রাতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ সভাপতি মোঃ ইসমাইল হোসেনকে বোমা হামলা চালিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
হুমকিদাতা মোবাইল ফোনে নিজেকে হাবিবুল্লাহ কাঁচপুরী বলে দাবি করে। সে ইসমাইল হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ইসমাইল হোসেন ওলামা লীগ ত্যাগ না করলে তাকে জেএমবি’র সদস্য বানিয়ে দেওয়া হবে অথবা বোমা হামলা চালিয়ে হত্যা করা হবে বলে কথিত হাবিবুল্লাহ হুমকি দেয়।
কথিত হাবিবুল্লাহর হুমকির প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ এক জরুরি বৈঠকে বসে। বৈঠক থেকে হুমকির নিন্দা ও অবিলম্বে কথিত হাবিবুল্লাহ কাঁচপুরীকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
বোমা মেরে হত্যার হুমকির প্রেক্ষিতে মঙ্গলবার রাজধানীর ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে বলে ওলামা লীগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
