২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাম প্রতিরোধ ক্যাম্পেইনে বিডিনিউজ-ইউনিসেফ যৌথ উদ্যোগ: জেলা ও থানা প্রতিনিধিদের কর্মশালা অনুষ্ঠিত

হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বিডিনিউজ ও ইউনিসেফ যৌথভাবে কাজ করবে। এ লক্ষ্যে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিডিনিউজ- এর জেলা ও থানা প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত দেশের ৬২ জেলায় টিকাদান কর্মসূচি চলবে। ইতোমধ্যে রাজশাহী, বগুড়া ও রাজশাহী সিটি করর্পোরেশন এলাকায় এ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

এ ক্যাম্পেইনের আওতায় ২০০৬ সালের মধ্যে হামজনিত কারণে শিশু মৃত্যুর হার অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্যে তিন সপ্তাহে দেশের নয়মাস থেকে ১০ বছরের কমবয়সী সকল শিশুকে টিকা দেওয়া হবে। দেশে এখন এ বয়সী শিশুর সংখ্যা তিন কোটি ৩৫ লাখ।

কর্মশালায় এ ক্যাম্পেইনকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে বিডিনিউজ প্রতিনিধিদের আহ্বান জানানো হয়।

হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির ওপর সেরা প্রতিবেদনের জন্যে বিডিনিউজ এর পাঁচজন জেলা ও থানা প্রতিনিধিকে পুরস্কৃত করা হবে বলে ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিসেফের কমিউনিকেশন অফিসার শামসুদ্দিন আহমেদ, স্বাস্থ্য কর্মকর্তা ড. মেরিনা, বিডিনিউজ সম্পাদক রাশেদ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক সোহেল মঞ্জুর ও বার্তা সম্পাদক এনামুল হক চৌধুরী।

বাংলাদেশে প্রতিবছর ১০ লাখ শিশু হাম রোগে আক্রান্ত হয় এবং হাম ও হাম জনিত বিভিন্ন রোগে ২০ হাজার শিশুর মৃত্যু হয়। ২০০৬ সালে শুরু হয়ে এ ক্যাম্পেইন ২০০৯ সালে ফলোআপ ক্যাম্পেইনের মাধ্যমে শেষ হবে।