চিকিৎসার জন্যে দেশের বাইরে যাওয়ার অনুমতি চেয়েছেন বিদিশা
সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা আদালতে চিকিৎসার জন্যে দেশের বাইরে যাওয়ার অনুমতি চেয়েছেন।
ঢাকার সিএমএম আদালতে সোমবার ভারতে চিকিৎসার জন্যে অনুমতি চেয়ে দরখাস্ত দাখিল করা হলে এ ব্যাপারে বুধবার শুনানির দিন ধার্য করে আদালত।
বিদিশার বিরুদ্ধে এর আগে দায়ের করা মানি লন্ডারিং মামলায় আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
গত বছরের জুন মাসে গুলশান থানায় দায়ের করা ওই মানি লন্ডারিং মামলায় সিআইডি’র তদন্ত কর্মকর্তা একই বছরের ১৮ আগস্ট ঢাকার সিএমএম আদালতে একটি দরখাস্ত দিয়ে বলেছিলেন, মামলা তদন্তের স্বার্থে তদন্তের সময় বিদিশা যেন দেশের বাইরে যেতে না পারেন। ২৯ আগস্ট ম্যাজিস্ট্রেট ওই আবেদন মঞ্জুর করেছিলেন।
সোমবার বিদিশার আইনজীবী কামরুজ্জামান মাহবুব একটি সনদপত্র দাখিল করে বলেন, বিদিশা গুলশানের গ্রিন হেলেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানকার ডাক্তার তাকে চিকিসার জন্যে দেশের বাইরে যাওয়ার সুপারিশ করেছেন।
