২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকের চাপায় ২ শিক্ষকের মৃত্যু, সড়ক অবরোধ, ভাংচুর

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল বদরে আলম কলেজের সামনে শনিবার দুপুরে ট্রাকের চাপায় দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে ও কয়েকটি যানবাহন ভাংচুর করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 05:12 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

নিহতরা হচ্ছেন- ঢাকার ক্যান্টনম্যান্ট বালুঘাট এলাকার স্টার্লিং ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক দিনাজপুরের হানিফ মন্ডল (২৯) এবং বালুঘাট ভানুরটেক এলাকার খলিলুর রহমান।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গাজীপুর সদরের ইসলামপুর এলাকায় সহকর্মী মশিউর রহমান মাসুদের বৌভাতে অংশগ্রহণ করতে খলিল ও হানিফ বালুঘাট এলাকা থেকে মোটরসাইকেলযোগে গাজীপুরের উদ্দেশে রওনা হয়। দুপুর দেড়টার দিকে তারা ইসলামপুরের কাছাকাছি এসে পৌঁছালে একটি ইটবোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও কলেজ ছাত্ররা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যরিকেড দেয় এবং বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।

পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্যে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায় এবং ভাওয়াল কলেজের সামনে দুটি গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে বেলা আড়াইটার দিকে এলাকাবাসী ব্যারিকেড তুলে নেয়।