ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরি
সংগঠিত একটি চক্র শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) থেকে এক নবজাতককে চুরি করে নিয়ে যায়।
চক্রটি নবজাতকের বড়ভাই জনিকে (১০) চুরি করলেও শুক্রবার রাতে অবশ্য তাকে ছেড়ে দেয়।
জনি পুলিশকে জানায়, দুস্কৃতকারীরা তাকে একটি বস্তাবন্দি করে নরায়াণগঞ্জে নিয়ে যায় এবং পরে ছেড়ে দেয়।
রমনা থানা পুলিশ ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্যে জনিকে তাদের হেফাজতে রেখেছে।
হাসপাতাল সূত্র জানায়, নরসিংদী জেলার জনৈকা মাহফুজা প্রসব বেদনা নিয়ে ১৩ ফেব্রুয়ারি হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়। ভর্তির দিনই সে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। ওইদিন তাকে অপারেশন থিয়েটার থেকে ১৩ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
শিশুর জন্মের পর মাহফুজার স্বামী আখতার হোসেন হাসপাতালের বকেয়া বিল পরিশোধ করতে টাকা আনার জন্যে নরসিংদী যায়। হাসপাতালে নবজাতক ও মাহফুজাকে দেখাশোনা করার জন্যে আখতার তাদের ১০ বছরের ছেলে জনিকে রেখে যায়।
এই সুযোগে বোরকা পরিহিত অজ্ঞাত এক মহিলা সেদিনই মাহফুজার সাথে পরিচিত হয় এবং তাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে থাকে।
সংগঠিত চক্রটির সহায়তায় ওই মহিলা শুক্রবার সকালে মাহফুজাকে পানের সাথে মিশিয়ে ঘুমের ওষুধ খাওয়ায় এবং পরবর্তীতে নবজাতক ও জনিকে নিয়ে পালিয়ে যায়।
শুক্রবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা হয়নি।
