২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা সংক্রান্ত টাস্কফোর্সের সিদ্ধান্ত বাস্তবায়ন কর: পরিবেশ বাঁচাও আন্দোলনের দাবি

বুড়িগঙ্গাকে দখল ও দূষণমুক্ত করতে বুড়িগঙ্গা সংক্রান্ত টাস্কফোর্সের সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

শুক্রবার বিকেলে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর উপর আয়োজিত এক সমাবেশে তারা এ দাবি জানান।

পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আবু নাসেরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিস’র মহাসচিব ইকমা হোসেন, অ্যাডভোকেট আসাদ উল্ল্যা, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নজিম উদ্দিন, আনছার আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পরিবেশবাদীদের দীর্ঘ দিনের আন্দোলনের মুখে সরকার ১৯৯৮ সালে বুড়িগঙ্গা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু উচ্ছেদ অভিযান শুরু হয় ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে।

পরবর্তীতে এ ব্যাপারে একটি উচ্চক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়। বুড়িগঙ্গাকে স্বাভাবিক রাখতে টাস্কফোর্স চারটি সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর কিছু স্থাপনা উচ্ছেদ শেষে অভিযান বন্ধ হয়ে যায়।

সমাবেশে বক্তারা অবিলম্বে টাস্কফোর্সের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।