২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে চিংড়ি প্রকল্পে সন্ত্রাসীদের হানা, ৯ শ্রমিক অপহরণ, ঘর ভাংচুর ও শ্রমিকদের মারধর ও লুটপাট

কক্সবাজারের মহেশখালী-পেকুয়ার উপকূলীয় সীমান্ত এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী দু’টি চিংড়ি প্রকল্পে হামলা চালিয়ে ঘর ভাংচুর, লুটপাট, শ্রমিকদের ব্যাপক মারধর এবং নয়জন শ্রমিককে অপহরণ করেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্র বৃহস্পতিবার জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের উপকূলীয় করিয়ারদিয়া মৌজা ও মহেশখালীর উত্তর নলবিলার ছাপকাটা ঘোনা এলাকায় বুধবার দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে।

সন্ত্রাসীরা চিংড়ি প্রকল্প দু’টির বিভিন্ন ঘর ভাংচুর ও শ্রমিকদের ব্যাপক মারধর করে। তারা পাঁচটি পানির পাম্প ও জালসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীর মাতারবাড়ি পাড়া দুই সহোদর মোহাম্মদ আলী ও ছালেহ আহমদের নেতৃত্বে ৬০-৭০ সদস্যের একদল সশস্ত্র সন্ত্রাসী বুুধবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে প্রথমে পেকুয়ার উপকূলীয় এলাকা করিয়ারদিয়া মৌজায় হাসানুল আবেদীনের মালিকানাধীন কেরানী ঘোনা নামক চিংড়ি প্রকল্পে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা প্রকল্প কর্মচারীদের ব্যাপক মারধর করে চারজনকে অপহরণ করে নিয়ে যায়।

এরা হলো আবু তালেব (২৮), ছুট্টো (১৩) ও সেলিম (১৪)। অন্যজনের নাম জানা যায়নি।

সন্ত্রাসীরা একই প্রকল্প থেকে দু’টি পানির পাম্প ও জাল লুটপাট করে।

পরে সন্ত্রাসীরা নদীর পার হয়ে মহেশখালীর উত্তর নলবিলা এলাকার ছাপকাটা ঘোনা নামক চিংড়ি প্রকল্পে হামলা চালায়। সেখানেও সন্ত্রাসীরা ব্যাপক ভাংচুর, শ্রমিকদের মারপিট করে। তারা পাঁচজন শ্রমিককে অপহরণ, ৩টি পানির পাম্প ও জাল লুটপাট করেছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছে।

অপহৃতদের একজনের নাম জামাল (৩০)। অন্যদের নাম জানা যায়নি।

এদিকে চিংড়ি প্রকল্পে হামলা ও শ্রমিক অপহরণের খবর জানাজানি হলে সন্ত্রাসীরা অপহৃত নয় শ্রমিককে বৃহস্পতিবার ভোরে বদরখালী নৌ-পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। তাদের ডাকাত হিসাবে উল্লেখ করে পুলিশে দিলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পায়নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে তাদের চকরিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ৫৪ ধারায় আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। তবে এখনো কোন মামলা হয়নি।