পাকিস্তানে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দলের ভিসা আইন সরলীকরণের দাবি
পাকিস্তানে সফররত প্রধানমন্ত্রীর সঙ্গী বাণিজ্য প্রতিনিধি দল ইসলামাবাদের কাছে বাংলাদেশ থেকে পাকিস্তান সফরের জন্য ভিসা আইন আরো সহজিকরণের দাবি জানিয়েছে।
৩৫ সদস্যের বাংলাদেশী বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রী’র (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসাইন। তিনি সোমবার পাকিস্তানের বস্ত্রমন্ত্রী মুস্তাক আলী সিমার সাথে এক আলোচনায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
আলোচনায় উভয় পক্ষ দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরো উন্নয়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় পাকিস্তানের পক্ষে বস্ত্র মন্ত্রনালয়ের সচিব এবং বাংলাদেশের পক্ষে পাকিস্তানে নিয়োজিত ডেপুটি হাইকমিশনার আবদুল হান্নানও উপস্থিত ছিলেন।
বাংলাদেশী প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে পাকিস্তানের বস্ত্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানের ভ্রাত্রিপ্রতিম ইসলামী দেশ। এই দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিশেষত বস্ত্র ও ঔষধ শিল্পে আরো সম্পর্ক উন্নয়ন করার ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি বাংলাদেশের বস্ত্র ও ঔষধ শিল্পের ব্যাপক সাফল্যের ভুয়সী প্রশংসা করে বলেন, পাকিস্তান হালকা যন্ত্র ও বস্ত্র খাতে বাংলাদেশকে সহায়তা দিতে পারে।
সিমা বলেন, পাকিস্তান মানসম্পন্ন তাঁতকল উৎপাদন করে থাকে, যা বাংলাদেশে তারা তুলনামূলক কম দামে সরবরাহ করতে প্রস্তুত।
পাকিস্তানের বস্ত্রমন্ত্রী আরো বলেন, আমরা বাংলাদেশকে তৈরী পোষাক শিল্পে সহায়তা দিতে পারি, যেখানে ইতিমধ্যে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে।
তিনি বাণিজ্য প্রতিনিধি দলের কাছে সার্কভূক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক বাণিজ্য সম্পর্ক আরো বৃদ্ধি করার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি এক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রতিনিধি দল নিয়োগের কথাও বলেন।
অপরদিকে বাংলাদেশী প্রতিনিধি দলের নেতা মীর নাসির হোসাইন বলেন, তৈরী পোষাক শিল্পে বাংলাদেশ বেশ সাফল্য অর্জন করেছে। তিনি উল্লেখ করেন, গত বছর বাংলাদেশ তৈরী পোষাক রপ্তানী করে আয় করেছে ৬৪০ কোটি মার্কিন ডলার, যা দেশের মোট রপ্তানী আয়ের ৭৫ শতাংশ।
তিনি বলেন, বাংলাদেশে ইতিমধ্যে সাতটি রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপন করা হয়েছে। এগুলোতে চীন, কোরিয়া ও জাপানীরা বিনিয়োগ করে বেশ লাভবান হচ্ছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নের ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি পাকিস্তানের মন্ত্রীকে দু’দেশের বস্ত্র খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সম্ভবনা খুঁজে দেখতে একটি প্রতিনিধি দলসহ বাংলাদেশে আমন্ত্রণ জানান।
বাংলাদেশ পাটকল এসোসিয়েশনের চেয়ারম্যান কামরান তানভির-উল-রহমান বলেন, বাংলাদেশ পাকিস্তান থেকে চার দশমিক ৫২ কোটি ডলারের পণ্য আমদানী করা শুরু করলেও ২০০৪-০৫ সালে বাংলাদেশ পাকিস্তান থেকে ১৩.৮৯ কোটি ডলারের পণ্য আমদানি করে।
