চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে টিএন্ডটি বোর্ড লক্ষ্যমাত্রার মাত্র ২৬ দশমিক ৫২ শতাংশ রাজস্ব আদায় করেছে
ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক বলেছেন, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে টিএন্ডটি বোর্ড তাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।
এ সময়ে মাত্র ৪৯০ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। যা লক্ষ্যমাত্রার মাত্র ২৬ দশমিক ৫২ শতাংশ। চলতি অর্থবছরে টিঅ্যান্ডটি বোর্ড এক হাজার ৮৫০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সোমবার সংসদে বিএনপি’র সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমীর এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী জানান, চট্টগ্রাম, খুলনা ও সিলেট এলাকায় ইতোমধ্যে এক লাখ এক হাজার ৩০০টি টেলিফোন স্থাপনের কাজ শেষ হয়েছে। একই সাথে ঢাকা মহানগর এলাকায় এক লাখ ১০ হাজার টেলিফোন স্থাপনের বন্ড বিক্রির অপেক্ষায় রয়েছে।
এম নুরুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের ছয়টি মোবাইল অপারেটর কোম্পানীর কাছ থেকে বর্তমান সরকার আমলে ৮৮৬ কোটি দুই লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
এর মধ্যে গ্রামীণ ফোনের কাছ থেকে ৩৮০ কোটি ২২ লাখ, টিএমআইবি’র (একটেল) কাছ থেকে ৫৮ কোটি ৩৮ লাখ, পিবিটিএল’র (সিটিসেল) কাছ থেকে ৬৭ কোটি ৪৩ লাখ, সেবা টেলিকম’র (বাংলালিংক) কাছ থেকে ৩৯ কোটি ৬৮ লাখ, টেলিটকের কাছ থেকে সাত কোটি ৫৭ লাখ এবং ওয়ারিদ টেলিকমের (ধাবি গ্রুপ) কাছে থেকে শুধুমাত্র চলতি অর্থবছরেই ৩৩২ কোটি ৭৫ লাখ টাকা আদায় হয়েছে।
মিয়া গোলাম পরওয়ারের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবমেরিন কেবল সিস্টেম বাস্তবায়নে জানুয়ারি ’০৬ সাল পর্যন্ত মোট ৪১৮ কোটি ৫৬ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রকল্পটি আগামী মার্চ ’০৬ এর মধ্যে কাজ শুরু করবে।
আব্দুস সোবহানের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সাইবার ক্যাফে নিয়ন্ত্রণের কোন নীতিমালা বর্তমানে নেই। তাই ঢাকা শহরে সাইবার ক্যাফের কোন পরিসংখ্যাণও মন্ত্রণালয়ের কাছে নেই। তবে এই বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে।
