কাজের জন্যে আলাদা বসবাসকারীদের মধ্যে বিবাহ বহির্ভূত যৌনমিলনের হার বাড়ছে
যেসব দম্পতি তাদের কাজের ক্ষেত্রে আলাদাভাবে বসবাস করেন তাদের মধ্যে ঝুঁকিপূর্ণ যৌন আচরণের সম্ভাবনা বেশি এবং এর কারণে তাদের মধ্যে এইচআইভি/এইডসের মতো যৌনরোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও বেশি। আইসিডিডিআর,বি পরিচালিত এক গবেষণায় এ তথ্য জানানো হয়।
গবেষণায় প্রাপ্ত তথ্য অনুসারে, পুরুষদের মধ্যে বিবাহ বহির্ভূত যৌনাচরণের পরিমাণ বেশি। এদের মধ্যে যেসব পুরুষ দেশের ভেতরে বা বাইরে তাদের স্ত্রীদের থেকে দূরে বসবাস করেন তাদের মধ্যে এ সংখ্যা আরও বেশি।
যেসব নারীর স্বামী দেশের ভেতরে বা বাইরে অন্যত্র অবস্থান করেন তাদের ক্ষেত্রেও বিবাহ বহির্ভূত যৌনাচরণের সম্ভাবনা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
চাকরি করছেন এরকম বিবাহিত পুরুষ ও নারীর মধ্যে জরিপ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
আইসিডিডিআর,বি পরিচালিত দু’টি এলাকার স্বাস্থ্য ও জনমিতি সংক্রান্ত সার্ভিলেন্সের ডাটাবেজে রক্ষিত ১১ হাজার বিবাহিত মহিলার মধ্য থেকে দৈবচয়ন ভিত্তিতে এক হাজার একশ’ ৭৫ জন বিবাহিত মহিলা এবং সাতশ’ তিন জন বিবাহিত পুরুষের ওপর জরিপ চালিয়ে এ ফলাফল তৈরি করা হয়।
ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের মধ্য থেকে সংখ্যা অনুযায়ী আনুপাতিক হারে প্রতিটি গ্রুপের নমুনা সংগ্রহ করা হয়।
গবেষণার ফলাফলে বলা হয়, বিদেশে অবস্থানকালে যৌনকর্মীর সাথে পুরুষের যৌনমিলনের হার সবেচেয়ে বেশি (৫৩ দশমিক ৬ শতাংশ)। আর এ কারণে বাংলাদেশে অবাধেই ঢুকে পড়তে পারে এইচআইভি/এইডসের জীবানু।
জরিপে দেখা যায়, পুরুষরা বাড়ি থেকে দূরে বসবাস করার সময় কোনও মহিলা যৌনকর্মীর সাথে যৌনমিলন করেছেন এমন সংখ্যা আগের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি। কাজের জন্যে বাড়ি থেকে দূরে অবস্থানকারী পুরুষদের মধ্যে অর্ধেক বলেছেন যে, বাংলাদেশের কোথাও বা বিদেশে অবস্থানকালে তারা কোনও যৌনকর্মীর সাথে যৌনমিলন করেছেন (দেশে ৪৬ দশমিক ১ শতাংশ এবং বিদেশে ৫৩ দশমিক ৬ শতাংশ)।
তবে বিবাহ বহির্ভূত যৌনমিলনের হার পুরুষের তুলনায় মহিলাদের কম। এদের মধ্যে যারা স্বামীর কাছ থেকে আলাদা বসবাস করেননি তাদের (৩ শতাংশ) তুলনায় যাদের স্বামী কাজের জন্যে বাড়ি থেকে দূরে দেশের কোথাও (১০ দশমিক ৬ শতাংশ) বা বিদেশে (৬ দশমিক ৮ শতাংশ) অবস্থান করেন তাদের হার বেশি।
গবেষণায় আরও বলা হয়, যেসব মহিলার স্বামী বাড়ি থেকে দূরে অবস্থান করেছেন তাদের মধ্যে বিবাহ বহির্ভূত যৌনমিলনের হার চারগুণ বেশি ছিল।
গবেষণায় দেখা গেছে, এক তৃতীয়াংশেরও কম পুরুষ তাদের স্ত্রীর সাথে যৌনমিলনের সময় কনডম ব্যবহার করেছেন। এব্যাপারে বাড়ি থেকে দূরে বসবাসকারীদের সাথে বাড়িতে বসবাসকারীদের পার্থক্য ছিল খুব কম (২৮-৩০ শতাংশ)। যেসব পুরুষ বিবাহ বহির্ভূত যৌনমিলন করেছেন তাদের মধ্যে কনডম ব্যবহারকারীদের সংখ্যা বেশি নয়। বাংলাদেশে কোনও স্থান থেকে বাড়িতে আসা পুরুষদের মধ্যে যারা বিবাহ বহির্ভূত যৌনমিলনে লিপ্ত ছিলেন তাদের (১৬ দশমিক ৫ শতাংশ) মধ্যে কনডম ব্যবহারকারীর সংখ্যা, যারা বিবাহ বহির্ভূত যৌনমিলন করেননি (৪৩ দশমিক ৫ শতাংশ) তাদের তুলনায় কম।
বিবাহ ও বিবাহ বহির্ভূত উভয় যৌনমিলনের সময় পুরুষরা কনডম কম ব্যবহার না করলে তা স্ত্রীর জন্যে ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশের কোথাও অথবা বিদেশে অবস্থানের সময় এক তৃতীয়াংশেরও কম লোক কোনও যৌনকর্মীর সাথে যৌনমিলনের সময় কনডম ব্যবহার করেছেন। স্ত্রীর কাছ থেকে দূর অবস্থান করে থাকুন বা নাই থাকুন অথবা বিবাহ বহির্ভূত যৌনমিলন করে থাকুন বা নাই থাকুন, মাত্র ৩০ শতাংশ বিবাহিত পুরষ স্ত্রীর সাথে যৌনমিলনে কমডম ব্যবহার করেছেন।
দু’টি গবেষণা এলাকার পুরষদের মধ্যে কাজের জন্যে স্ত্রী থেকে আলাদা বসবাসকারী প্রায় অর্ধেক পুরুষ যেহেতু তাদের আলাদা বসবাসের সময় কোনও যৌনকর্মীর সাথে যৌনমিলন করেছেন এবং বেশিরভাগই কনডম ব্যবহার না করেই, সে কারণে এইচআইভি/এইডস সংক্রণ সংক্রান্ত সচেতনা বৃদ্ধি করা জরুরী বলে গবেষণায় সুপারিশ করা হয়। এছাড়াও এতে বলা হয়, কাজের জন্যে বাড়ি থেকে দূরে অবস্থানকারীদের জন্যে এলক্ষ্যে প্রয়োজনীয় ইন্টারভেনশন কর্মসূচি চালু এবং তা মূল্যায়ন করা অতীব প্রয়োজন।
