২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভায় সংঘর্ষ, আহত ১৫

হামলা-পাল্টাহামলা এবং সংঘর্ষের মধ্য দিয়ে বরিশালে জাতীয়তাবাদী যুবদলের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন সোমবার দায়সারাভাবে সম্পন্ন হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 05:03 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

২৬ ফেব্রুয়ারি ঢাকার যুবদলের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

সভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল এমপি’র উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা আসেননি।

ঢাকা থেকে যুবদলের কয়েকজন কেন্দ্রীয় নেতা প্রতিনিধি সভায় যোগ দিতে বরিশালে এলেও তাদের অধিকাংশই হামলা ও সংঘর্ষের কারণে সার্কিট হাউজে অবরুদ্ধ হয়ে থাকেন।

জেলা ও মহানগর যুবদলের দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় দলের একটি অংশ আগে থেকেই ক্ষুব্ধ ছিল। সোমবার সকালে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষুব্ধরা মিছিল নিয়ে ঢাকা থেকে আগত কেন্দ্রীয় যুবদল নেতাদের অবস্থানস্থল সার্কিট হাউজে যায়। তারা কমিটি গঠনের দাবি জানিয়ে সেখানে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকে।

সূত্র জানায়, বেলা ১১টার দিকে মহানগর যুবদলের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি মনিরুল আহসান মনির সমর্থকরা একটি মিছিল নিয়ে সার্কিট হাউজে গেলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে কমিটির দাবিতে বিক্ষোভরতদের সাথে মনির সমর্থকদের সংঘর্ষ বাঁধে। সার্কিট হাউজ এলাকা এ সময় রণক্ষেত্রে পরিণত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় ১৫ যুবদল কর্মী আহত হয়।

আহতের মধ্যে যুবদল কর্মী সোহেলকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথম দফা সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বেলা ১২টার দিকে আবার গোলযোগ শুরু হয়। সার্কিট হাউজের বাইরে অবস্থান নিয়ে মনির সমর্থকরা শ্লোগান দিতে শুরু করলে প্রতিপক্ষ গ্রুপ তাদেরকে ধাওয়া করে। এ সময় দু’পক্ষের মধ্যে বেশ খানিকক্ষণ ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

পরবর্তীতে অবরুদ্ধ যুবদল নেতৃবৃন্দ ২৬ ফেব্রুয়ারির পরপরই যুবদলের নতুন কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়ে বিক্ষুব্দ নেতা-কর্মীদের শান্ত করেন।

সার্কিট হাউজে হামলা-সংঘর্ষ চলাকালে নগরীর রঙ্গন কমিউনিটি সেন্টারে অনেকটা দায়সারাভাবে প্রতিনিধি সভা সম্পন্ন করা হয়।