মুক্তিযোদ্ধাদের ঋণ কর্মসূচির সুদের হার ৮ শতাংশে আনা হচ্ছে
অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের জন্যে প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানে ঋণ কর্মসূচির সুদের হার ১১ থেকে কমিয়ে সার্ভিস চার্জসহ আট শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাতীয় নির্বাহী কাউন্সিল মিলনায়তনে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, কৃষিমন্ত্রী মতিউর রহমান নিজামী, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেজাউল করিম, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, শ্রম প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান এবং বিআরডিবি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ।
২০০৩-০৪ অর্থবছর থেকে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের জন্যে ৫০ কোটি টাকার ক্ষুদ্রঋণ কর্মসূচি গৃহীত হয় এবং ইতোমধ্যে বিআরডিবির মাধ্যমে সাড়ে ১২ কোটি টাকার কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বৈঠকে সমন্বিত ক্ষুদ্রঋণ নীতিমালা- ২০০৩ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রণীত ক্ষুদ্রঋণ নীতিমালা সংশ্লিষ্ট বিধি অনুয়ায়ী সরল সুদ পদ্ধতিতে বিআরডিবি এখন থেকে তিন শতাংশ পরিচালনা ব্যয়সহ মোট আট শতাংশ সুদ নিতে পারবে।
কৃষি ব্যাংক থেকেও আট শতাংশ সুদে ঋণ বিতরণ করা হয়। এই সুদের হার হ্রাসের আগে পরিচালনা ব্যয় ছিল ছয় শতাংশ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের জন্যে প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানে পরিচালিত এই ঋণ কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করে এর আগে মন্তব্য করে, কর্মসূচিটি ইতিবাচক প্রভাব রাখছে।
