২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় গত ১ বছরে ১শ’ ৩৩টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে

কুমিল্লায় গত এক বছরে আইন-শৃঙ্খলার অবনতির কারণে ১শ’ ৩৩টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে। পুলিশের সূত্র এবং সংবাদপত্রের মাধ্যমে একথা জানা যায়। তবে প্রকৃত হত্যাকাণ্ডের সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 10:02 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

জেলায় ৫ জানুয়ারি প্রথম হত্যাকান্ডটি ঘটে ট্রাফিক পুলিশ সেলিম (৩৫) কে হত্যার মধ্য দিয়ে এবং সর্বশেষ হত্যাকান্ডটি ঘটে ৩০ ডিসেম্বর শাহেদা বেগম (৩০) কে দিয়ে।

এই হত্যাকাণ্ডসহ কুমিল্লার বিভিন্ন স্থানে ধর্ষণের পর হত্যা, কথিত ক্রসফায়ার কিংবা গুলি বিনিময়ের সময়, নিজ অফিস কক্ষে এক সংবাদপত্র সম্পাদককে খুনসহ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

এসব হত্যাকাণ্ড ছাড়াও ১৬টি উপজেলায় ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই এবং সন্ত্রাস নিত্যদিনের পরিচিত দৃশ্যে পরিণত হয়েছে।

নিহত ১৩৩ জনের মধ্যে গুলি বিনিময় অথবা ক্রসফায়ারে ১৬ জন এবং গণপিটুনিতে নয়জন মারা গেছে।

জানা গেছে, গত বছরের মে মাসে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়।

বিগত বছরে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানুয়ারি ১০টি, ফেব্রুয়ারি ৭টি, মার্চ ৭টি, এপ্রিল ১২টি, মে ১৭টি, জুন ১৬টি, জুলাই ১২টি, আগস্ট ১৩টি, সেপ্টেম্বর ১২টি, অক্টোবর ৮টি, নভেম্বর ৯টি ও ডিসেম্বর ১১টি হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

এছাড়াও সবচেয়ে আলোচিত ও চাঞ্চল্যকর লোমহর্ষক হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে ২৯ মে। এইদিন দৈনিক মুক্তকন্ঠ নামক সংবাদপত্রের সম্পাদক নিজ কার্যালয়ে নির্মমভাবে খুন হন।