প্রধানমন্ত্রী ৩ দিনের সফরে পাকিস্তান গেলেন
প্রধানমন্ত্রী খালেদা জিয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে রোববার দুপুরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট বেলা ২টার দিকে ইসলামাবাদের উদ্দেশে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়।
সরকারি সূত্র জানায়, বেগম জিয়া ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজের মধ্যকার আলোচনায় দু’দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাই থাকবে শীর্ষ আলোচ্য।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, এলজিআরডি ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
এছাড়াও প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে তিন বাহিনীর প্রধান, কূটনীতিক মহল, ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-ওবায়েদ আল-নামলাহ এবং পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত শহীদ এমজি কিয়ানি বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এবং কৃষি মন্ত্রী এমকে আনোয়ারসহ ৪৩ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে গেছেন। এছাড়াও এ প্রতিনিধিদলে সংসদ সদস্য, আমলা এবং ৩২ জন ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন।
১৩ ফেব্রুয়ারি ইসলামাবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যেকার বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, পর্যটন, যোগাযোগ, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হবে।
সরকারি আলোচনার আগে দু’দেশের প্রধানমন্ত্রী একটি একান্ত বৈঠক করবেন।
দ্বিপাক্ষিক আলোচনাকালে পাকিস্তানি বাজারে নয়টি ক্যাটাগরিতে ৭৩টি বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়টিও প্রাধান্য পাবে।
দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বর্তমানে ইসলামাবাদ এগিয়ে রয়েছে। ২০০৪-০৫ অর্থবছরে পাকিস্তান বাংলাদেশে ১৩৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে, অন্যদিকে বাংলাদেশ থেকে আমদানি করে মাত্র ৬৩ মিলিয়ন ডলার মূল্যের পণ্য। এদিকে ২০০৩-০৪ সালে বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করে মাত্র ৪৫ মিলিয়ন ডলারের পণ্য। এর বিপরীতে আমাদানি করে ১১২ মিলিয়ন ডলারের পণ্য।
প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ নির্ধারিত সময়ে সাফটা বাস্তবায়নের জন্যে পাকিস্তানকে অনুরোধ জানাবে।
এছাড়াও ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি এবং বাংলাদেশের প্রাপ্য সম্পত্তির বিষয়টি তুলে ধরবে ঢাকা।
গত ১৩ বছরে এটিই হবে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদলের প্রথম পাকিস্তান সফর। তবে ২০০২ সালে পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ সফরে এসেছিলেন।
তবে মূল আলোচনার পাশাপাশি উভয় দেশের নেতৃবৃন্দ আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০০৪ সালের জানুয়ারিতে ১২তম সার্ক সম্মেলনে যোগদানের উদ্দেশে সর্বশেষ পাকিস্তান সফর করেন। অপরদিকে ১৩তম সার্ক সম্মেলনে যোগ দেওয়ার জন্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ২০০৫ সালের নভেম্বরে বাংলাদেশ সফরে আসেন।
সার্ক চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর এটিই হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করবেন। পরের দিন মঙ্গলবার বেগম জিয়া তার সম্মানে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের দেওয়া এক মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন।
সফরকালে খালেদা জিয়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের একটি ত্রাণ শিবির পরিদর্শন করবেন।
পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী ও অন্যান্য মন্ত্রিপরিষদ সদস্যরাও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বেগম জিয়ার সঙ্গে পাকিস্তানের সিনেট চেয়ারম্যানের দেখা করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া সফরকালে পাকিস্তানের ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন।
মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।
