রূপায়নের অন্যরকম বিদ্যালয়
জেলার কয়েক যুবক এক হাজার পথশিশুর মাঝে ছড়িয়ে দিচ্ছে শিক্ষার আলো। একেবারে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গ্রামে গ্রামে গড়ে তুলেছেন ৩৫টি শিশুকল্যাণ কেন্দ্র
এখন প্রতি সকাল-বিকাল কেন্দ্রগুলো মুখরিত হয়ে ওঠে কচিকণ্ঠের পাঠ গ্রহণের কলকাকলিতে। আগামী ভবিষ্যতের আলোকিত মানুষ গড়ে উঠছে এসব বিদ্যালয় থেকে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ২০০২ সালের জুলাই মাসে ‘রূপায়ন’ নামে একটি ছোট্ট সামাজিক সংস্থার মাধ্যমে নীলফামারী সদর উপজেলার সাতটি ইউনিয়ন, ডোমার উপজেলার একটি ইউনিয়ন এবং পৌর এলাকা গড়ে ওঠে এ রকম ৩৫টি শিশুকল্যাণ কেন্দ্র।
৩৫ জন শিক্ষক-শিক্ষিকা রূপায়ন পরিচালিত শিশুকল্যাণ কেন্দ্রগুলো পরিচালনা করছেন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা শিশুদের পাঠদান করালেও বিদ্যালয়ের অন্যান্য কর্মকাণ্ড দেখভালের জন্য রয়েছেন চারজন সুপারভাইজার। সুপারভাইজাররাও কাজ করেন স্বেচ্ছাশ্রমে।
রূপায়নের নির্বাহী পরিচালক জাভেদ আলী বিডিনিউজকে জানান, পথশিশুরা তো বটেই, এমনকি অন্যান্য স্কুল থেকে ঝরে পড়া শিশুরাও তাদের শিশুকল্যাণ কেন্দ্রে শিক্ষার সুযোগ পাচ্ছে।
তিনি বলেন, আমাদের স্কুলগুলোর প্রধান বৈশিষ্ট হচ্ছে হোমওয়ার্কের ঝামেলা চাপিয়ে দিয়ে বাচ্চাদের বাড়িতে পাঠানো হয় না। কারণ বেশিরভাগ শিশুর অভিভাবকই দরিদ্র ও নিরক্ষর। তাদের পক্ষে শিশুদের পড়া দেখিয়ে দেওয়া বা প্রাইভেট টিউটর রেখে পড়ানো সম্ভব নয়। তাই পাঠ শিক্ষার পুরো কাজ চলে স্কুলেই।
নীলফামারী পৌর এলাকার হারোয়া মিশনপাড়া শিশুকল্যাণ কেন্দ্রের শিক্ষিকা মাহমুদা আক্তার জানান, সব ধরণের মৌলিক অধিকার বঞ্চিত ছিন্নমূল শিশুরা শারীরিক ও মানসিকভাবে দূর্বল। তাই তাদের খুবই ধীর গতিতে পাঠদান করা হয়। এমনও হয় যে, দিনে দুঘন্টার ক্লাসে হয়তো মাত্র দুটি অক্ষর শেখানো হলো।
শিশুকল্যাণ কেন্দ্রের প্রকল্পের পরিচালক সেলিম রাজা জানান, শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে বেতন হিসেবে প্রতিদিনের জন্য দুটাকা হিসাবে প্রতি মাসে ৬০ টাকা করে নেওয়া হয়। এরমধ্যে ২০ টাকা শিক্ষা উপকরণ কিনতে খরচ করা। বাকী ৪০ টাকা রাখা হয় শিশুদের সঞ্চয় হিসেবে।
তিনি জানান, শিশুকল্যাণ কেন্দ্রর পাঠ শেষে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় খরচ বাবদ শিক্ষার্থীদের ওই সঞ্চয় ফিরিয়ে দেওয়া হয়। এতে টাকার জন্য দরিদ্র শিশুদের উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ায় বিঘœ ঘটে না।
ডোমার উপজেলার দিঘলটারী শিশুকল্যাণ কেন্দ্রর এক শিশুর অভিভাবক, স্থানীয় মসজিদের ইমাম মওলানা সফিকুল ইসলাম বলেন, আমার ছেলে বেসরকারি স্কুলে দুবছর পড়ালেখা করলেও সে তেমন কিছুই শিখতে পারেনি। তাই এখন তাকে দিয়েছি শিশুকল্যাণ কেন্দ্রে। মাত্র ছয় মাসে সে অনেক কিছু শিখেছে।
