যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র আশুরা
কারবালা প্রান্তরে মহানবী হযরত মোহাম্মদ (স.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এর মৃত্যুর শোকাবহ স্মৃতিকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিমদের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার পবিত্র আশুরা পালিত হচ্ছে।
পবিত্র ধর্ম ইসলাম রক্ষায় ও মহানবীর শিক্ষাকে মহিমান্বিত রাখতে ৬১ হিজরির ১০ মহররম হযরত ইমাম হোসেন (রা.) তার ঘনিষ্ট আত্মীয় স্বজন ও পরিবারসহ কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে বন্দি ও শহীদ হন।
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বাণী প্রদান করেছেন।
পবিত্র আশুরা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, আলোচনাসভা, তাজিয়া মিছিল। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ও থানা পর্যায়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল আশুরা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।
