২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাহরীর’র ডেনমার্ক দূতাবাস ঘেরাও কর্মসূচি, আতংকে ডেনিশরা

ডেনমার্কের একটি পত্রিকায় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর বিশ্বব্যাপী প্রতিবাদ-বিক্ষোভের অংশ হিসেবে হিযবুত তাহরীর বাংলাদেশ শুক্রবার ঢাকায় ডেনমার্ক দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দেওয়ায় বাংলাদেশে বসবাসরত ডেনিশদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

ঢাকায় বসবাসরত ডেনমার্কের নাগরিকদের সতর্কভাবে চলাফেরা করতে বলা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।

গুলশানের চ্যান্সারি পুলিশলাইনে কর্মরত এক পুলিশ কর্মকর্তা জানান, ঘেরাও কর্মসূচিকে সামনে রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডেনমার্ক দূতাবাস পাহারায় মোতায়েন রয়েছে প্রায় ৮০ জন পুলিশ সদস্য। এছাড়া দূতাবাসের আশপাশে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা সতর্ক দৃষ্টি রাখছে। পাশাপাশি র‌্যাব সদস্যরাও এ এলাকায় টহল অব্যাহত রাখবে।

চ্যান্সারি পুলিশলাইনের এসি শফিকুল ইসলাম বলেন, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ডেনিশ দূতাবাস ও অন্যান্য স্থাপনা সংলগ্ন কূটনৈতিক এলাকার পাঁচটি প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

পুলিশ আরও জানায়, ডেনিশ দূতাবাসের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ঘেরাও কর্মসূচির সময় এ এলাকা দিয়ে চলাচলকারী সকল যানবাহনে তল্লাশি চালানো হবে।

প্রচলিত শাসন ব্যবস্থার পরিবর্তে ইসলামী শাসন প্রতিষ্ঠার মতবাদে বিশ্বাসী লন্ডনভিত্তিক ইসলামী সংগঠন হিযবুত তাহরীর জনগণকে ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে রাজধানীর দেয়ালগুলোতে হাজার হাজার পোস্টার লাগিয়েছে।

এর আগে বুধবার বাংলাদেশ খিলাফত মজলিশের ব্যানারে কয়েক হাজার মুসলমান নগরীর রাস্তায় নেমে এসে ঢাকায় ডেনমার্ক দূতাবাস অভিমুখে যাওয়ার চেষ্টা চালায়। তবে পুলিশ বিজয়নগরের কাছে তাদের বাধা দেয়। পরে বিক্ষোভকারীরা ডেনমার্ক ও ইতালির পতাকায় আগুন দেয়।

এদিকে বিশ্ব আশেকে রসুল সংগঠনের সভাপতি এসএম সাইদুর রহমান মহানবী হযরত মুহম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের নিন্দা জানিয়েছেন।

ডেনমার্কের পত্রিকা জাইল্যান্ডস-পোস্টেন’স গত বছর সেপ্টেম্বরে হযরত মুহাম্মদ (স.) এর ওপর একাধিক কার্টুন প্রকাশ করে।

পরবর্তীতে ফ্রান্স, জার্মানি, নরওয়ে, ইতালি ও স্পেনসহ ইউরোপের বেশ কিছু পত্রিকা ওই কার্টুনগুলো আবার ছাপলে মুসলিম বিশ্বে ক্ষোভ ও অসন্তোষ আরও বৃদ্ধি পায়।

হযরত মুহাম্মদ (স.) এর পাগরীর মধ্যে বোমা- এরকম একটি ব্যঙ্গচিত্র ছিল কার্চুনগুলোর মধ্যে। কিন্তু ইসলামে আল্লাহ ও মহানবীর কোনও ধরনের চিত্র অংকন সম্পূর্ণ নিষিদ্ধ।