কুষ্টিয়ার টিটিসি অধ্যক্ষকে প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠিত
কুষ্টিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলীকে শিক্ষার্থীরা ২৪ ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে আন্দেলনরত শিক্ষার্থীদের ডাকা ধর্মঘটের কারণে দু’দিন ধরে ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে।
কষ্টিয়ার জেলা প্রশাসক জামাল এ নাসের চৌধুরী জানিয়েছেন, সার্বিক ঘটনা তদন্তে এক সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং কমিটিকে দু’দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রতিষ্ঠানের সবক’টি বিভাগে তালা লাগিয়ে দেয়। এরপর সকাল ৯টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের বাসভবন এবং টিটিসি’র অফিসে জানালার কাঁচ ভাংচুর করে এবং তাকে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানে গিয়ে ক্যাম্পাস নিয়ন্ত্রণে এনে অবরুদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মুক্ত করে।
ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করায় আন্দোলন তীব্র আকার ধারণ করে। অধ্যক্ষকে অপসারণ না করা হলে টিটিসি অচল করে দেওয়া হবে বলে ২৪ ঘন্টার আলটিমেটামসহ শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে, বুধবার সকালে কুষ্টিয়া টিটিসি’র অধ্যক্ষ মোহাম্মদ আলী ৯ হাজার ৬শ’ টাকার একটি ভুয়া বিল শিক্ষক ও স্টোর কিপার দেবাশীষ হাওলাদারের কাছে পাঁঠালে তিনি তাতে সই করতে অসম্মতি জানান। অধ্যক্ষ এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষককে তার অফিস কক্ষে ডেকে এনে মারধর এবং এক পর্যায়ে কাগজ কাটার ছুরি দিয়ে আঘাত করেন। অন্য শিক্ষকরা দেবাশীষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
