ঝালকাঠিতে বিচারক হত্যা: জেএমবি সামরিক প্রধান সানি, আবদুল আউয়াল ও মামুনের যাবজ্জীবন কারাদন্ড
ঝালকাঠিতে দুই বিচারককে হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলার রায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, অন্যতম শীর্ষ নেতা আবদুল আউয়াল এবং বোমা হামলাকারী মামুনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত।
বরিশাল দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আব্দুল মতিন বৃহস্পতিবার সকাল ১০টা ২৩ মিনিটে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
কারাদন্ডপ্রাপ্ত আতাউর রহমান সানি জেএমবি প্রধান শায়েখ আবদুর রহমানের ছোট ভাই এবং জঙ্গি সংগঠনের মজলিশ-এ-শূরা সদস্য আবদুল আউয়াল জেএমবি প্রধানের জামাতা।
একই সাথে বিচারক অপর আসামী জেএমবি’র মজলিশ-এ-শূরা’র অপর সদস্য এবং জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিত জনতা বাংলাদেশ’র (জেএমজেবি) প্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান, মোল্লা ওমর, আমজাদ ওরফে খালিদ সাইফুল্লা এবং সুলতান এর বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করেন। এরা সবাই পলাতক রয়েছে।
১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় মামুনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৪ ধারায় আরও ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। একই সাথে দুই ধারার শাস্তি চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।
অপর দিকে দুই বিচারক হত্যা ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনের ৬ ধারায় সানি এবং আউয়ালকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।
অপর দিকে সুলতান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করায় আদালত তার এবং পলাতক আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করে।
৩০ কার্য দিবসের মধ্যে এ রায় প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি মুজিবুর রহমান নান্টু এবং আসামী পক্ষে মোখলেসুর রহমান খান মামলা পরিচালনা করেন।
উল্লেখ্য ১৪ নভেম্বর ঝালকাঠির দুই বিচারক সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়ে জেএমবি সদস্য মামুনের আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।
