২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি দখলের দায়ে খিলক্ষেত পিংক সিটি থেকে আনসার প্রত্যাহার

জমি দখলের সাথে জড়িত থাকার অভিযোগে জেনোভ্যালি মডেল টাউন হাউজিং কোম্পানির পিংকসিটি প্রকল্প এলাকায় মোতায়েন আনসার সদস্যদের বুধবার প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

আনসার ও ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষ ঘটনা স্বীকার করেছে।

ঢাকা জেলার আনসার অ্যাডজুটেন্ট গাজী ওলিউল হক বিডিনিউজকে জানান, আনসার সদর দপ্তরের নির্দেশে খিলক্ষেতে অবস্থিত পিংকসিটি প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৫ জন সদস্যকে  প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এলাকাবাসী ও আনসার সূত্র জানায়, কিছুদিন আগে জেনোভ্যালি মডেল টাউন হাউজিং কোম্পানির কতিপয় সদস্য ওই আনসার সদস্যদের সহায়তায় লন্ডন প্রবাসী জনৈক আবদুর রউফের জমি দখল করে।

একই কায়দায় তারা বুধবার  অন্য একটি হাউজিং কোম্পানির জমি দখলের চেষ্টা চালায় বলেও খিলক্ষেত এলাকাবাসী অভিযোগ করে।

তারা জানায়, জমি দখলের চেষ্টার অংশ হিসেবে আনসার সদস্যরা কয়েকদিন আগে জনগণকে লক্ষ্য করে ২০/২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় তাদের গুলির শব্দে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশ ওই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করেনি।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর (উত্তর) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ওবায়েদ-উল হক বিডিনিউজকে বলেন জমি দখল নিয়ে দুটি হাউজিং কোম্পানির দ্বন্দ্বের সূত্রধরে আনসার সদস্যরা এঘটনায় জড়িয়ে পড়ে।

পুলিশের তিন সদস্যের এক তদন্ত কমিটির রিপোর্টের বরাত দিয়ে তিনি বলেন, আনসাররা পিংকসিটির পক্ষ নিয়ে গত ডিসেম্বরে ২০/২৫ রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় ভীতিকর অবস্থার সৃষ্টি করে ।

ইতোপুর্বে খিলগাঁও এবং সাভারের ঘটনায় আনসারদের অপ্রীতিকর ঘটনার বরাত দিয়ে তদন্ত কমিটি আনসার প্রত্যাহারের সুপারিশ করে। এরই ধারাবাহিকতায় পিংক সিটি থেকে আনসার প্রত্যাহার করা হয়েছে।