পররাষ্ট্রমন্ত্রী’র সঙ্গে চীন কমিউনিস্ট পার্টি প্রতিনিধিদলের সাক্ষাৎ
সফররত চীন কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের সাথে সাক্ষাত করেছেন।
চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী ওয়াং জাইরুল প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
সভায় দুই দেশের মধ্যকার সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের পুরতন এবং বিশ্বস্ত বন্ধু। দুই দেশের মধ্যকার এই সু-সম্পর্ক বজায় থাকবে, তিনি আরও বলেন, বাংলাদেশ সবসময় এক-চীন নীতি এবং তাইওয়ানকে চীনের প্রদেশ হিসেবে মনে করে।
পররাষ্ট্র মন্ত্রী যোগাযোগের উন্নয়নের কারণে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির কথা জোরালো ভাবে উল্লেখ করেন। তিনি ঢাকা এবং চীনের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ স্থাপনের প্রশংসা করেন। তিনি বিপুল অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করে মায়ানমার হয়ে কুনমিং ও ঢাকার মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র মন্ত্রী চীনকে সার্ক এর পর্যবেক্ষক সদস্যপদ লাভের জন্যে অভিনন্দন জানান।
চীনা প্রতিনিধি দলের নেতা বলেন, বাংলাদেশ এবং চীন বহুদিনের ঘনিষ্ট বন্ধু। তিনি দুই দেশের জনগণের জন্যে সুযোগ সুবিধা নিশ্চিত করতে দ্বি-পাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অন্যান্যের মধ্যে সভায় পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশে নিয়োজিত চীন রাষ্ট্রদূত চাই সি এবং প্রতিনিধিদলের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
