নীলফামারীতে অস্ত্রসহ ৯ জেএমবি সদস্য গ্রেপ্তার: র্যাবের আনুষ্ঠানিক ঘোষণা
নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশন এবং কাজীপাড়ায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ নয় জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে।
র্যাবের পক্ষ থেকে মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। তবে বিডিনিউজ ঢাকা থেকে রোববার ওই খবর প্রকাশ করে।
র্যাব সূত্র জানায়, আটককৃতদের মধ্যে বিভাগীয় কমান্ডার আবদুর রশীদ, পাঁচজন জেলা কমান্ডার এবং তিনজন আত্মঘাতি গ্রুপ এহসার’র সদস্য রয়েছে।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুরের রেলস্টেশনে অভিযান চালিয়ে তারা প্রথমে তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা র্যাব-১০ এর কাছে তাদের অন্যান্য সহযোগি এবং অস্ত্রভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।
তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সৈয়দপুরের কাজীপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ হাতেনাতে আরো ছয় জেএমবি সদস্যকে গ্রেফতার করে।
র্যাব ঘটনাস্থল থেকে ৮৪টি ডেটোনেটর, দুটি পাইপগান, চারটি গুলি, সার্কিট, তার, পাউডারজেল, ব্যাটারি, অ্যামোনিয়াম নাইট্রেট, টেপ, একটি মোটরসাইকেল এবং ৪৭ হাজার টাকা উদ্ধার করে।
