চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের বিল ভাতিয়ার রাখালদের জীবন প্রণালী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিস্তীর্ন মাঠ বিল ভাতিয়া।
বরেন্দ্র এলাকার এই বিলে এক সময় সারা বছর পানি থাকত। শীতের সময় আসত ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। আর এখন এ বিল পানি শূন্য, নেই কোনো পাখির কলকাকলী, হারিয়ে গেছে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী ও উদ্ভিদ।
বিলটি শুকিয়ে যাওয়ায় এলাকাটি শুকনো মাঠে পরিণত হয়েছে। আর এই শুকনো ভূমিতে বিস্তীর্ন এলাকা জুড়ে উৎপাদিত হচ্ছে ইরি বোরো ধান। এই এলাকায় বছরে একবার ফসল হয় এবং বাকি সময় মাঠ শূন্য পড়ে থাকে। এই শূন্য মাঠেই আবার শত শত গরু চড়তে দেখা যায়। বছরের অন্য সময় রাখালেরা কেউ কেউ দুধ দোহনে আবার কেউ দূরন্ত বাছুরটিকে ধরতে ব্যস্ত সময় কাটায়।
বিল ভাতিয়ার মাঠে দেখা যায়, প্রায় পাঁচশ’ গরু চরে বেড়াচ্ছে এবং বাছুররা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। একটি গাভীর দুধ দোহানোর পরই আরেকটি গাভী এসে আপনাআপনি দাঁড়াচ্ছে রাখালদের ডাকে। রাখালরা তাদের গাভীকে সুন্দরী, সুরমা, রুমালী, লালু, রুপালী, লালী, আজব লালা, ফরিদা, ছুরকি, ছুচকি, মুক্তারা, মটরী, পাখড়ী, সাজিনা, মৌসুমী, মমতাজ, সুচিত্রা, সাজাপুর, চিত্রা, রেখা ইত্যাদি নামে ডেকে থাকে।
রাখাল কামরুল, নাসির, কাবাতুল্লাহ, মুশা ও ভদুর জানায়, এই গরুগুলো তাদের নয়। গ্রামের লোকেরা তাদের চরাতে দিয়েছে। তারা বছরের ৭ মাস এখানে গরু চরায় আর বাকি সময় ক্ষেতে কাজ করে। রাখালরা গরুর দুধের কিছু অংশ পায়। তারা এই দুধ বাজারে বিক্রি করে পরিবারের প্রাত্যহিক খরচ চালায়।
যে সময় মাঠে ফসল থাকে না সে সময়ে তারা নিজ গ্রামে ফিরে যায়। গরু মালিকরা গরু চরানো বাবদ তাদের তিনবেলা খাওয়া ও মাসে গরু প্রতি ২৫ টাকা দেয়।
শিবগঞ্জ উপজেলার দিয়াড় গ্রামের রাখালরা জানায়, বিল ভাতিয়ায় তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরু চরিয়ে বাজারে দুধ বিক্রি করে। পাশের এক গ্রামে গরুসহ তারা রাত যাপন করে। আবার পরদিন সকালে মাঠে ফিরে আসে গরু চরাতে।
তারা আরও জানায়, প্রতিদিন প্রায় ৪শ’ থেকে সাড়ে ৪শ’ দেশীয় প্রজাতির গরু দোহন করে সংগৃহিত ৮০/৯০ কেজি দুধ বিক্রি করে মাত্র ১০ টাকা কেজি দরে। এতে তাদের ৫ জনের আয় হয় ৮ থেকে ৯ শ’ টাকা।
তারা জানায়, এতে তাদের প্রাত্যহিক খরচের পরও প্রতিদিন ১০০ টাকা করে থেকে যায়। এতেই তারা ভীষণ খুশি।
একজন রাখাল জানায়, যদিও তারা আশানুরূপ রোজগার করে না তবু তারা সৎ উপায়ে জীবনযাপন করে। এ পথে কোন বাধা নেই, সম্পূর্ণ স্বাধীন।
স্থানীয়রা জানায়, বরেন্দ্র অঞ্চলসহ এমন অনেক জায়গায় যেসব সরকারী খাস জমি রয়েছে সেসব এলাকায় সরকারী পৃষ্ঠপোষকতায় গোচারণ ভূমি তৈরি করলে একদিকে দুধের চাহিদা মিটবে অন্যদিকে দেশের পশু সম্পদও বৃদ্ধি পাবে।
এছাড়া এ অঞ্চলে দুধের কোনো স্থায়ী বাজার বা কেন্দ্র গড়ে না ওঠার কারনে পশু পালনের প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে।
দুধ বিক্রির ক্ষেত্রে সরকারী কোন ক্রয় বিক্রয় কেন্দ্র কিংবা কোন নির্দিষ্ট বাজার থাকলে গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই গাভী পালনের আগ্রহ সৃষ্টি হতো। আর এই গাভী থেকে নিজের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত দুধ বিক্রি করে অন্যান্য চাহিদাও পূরণ করতে পারত গরু মালিকরা।
বর্তমানে বাংলাদেশ গরু-মহিষের জন্য পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। চোরাই পথে আসা ভারতীয় গরু-মহিষের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। করিডোর দিয়ে আসা গরুগুলোর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা ছাড়া প্রবেশ করার ফলে আমাদের দেশ বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে চোরাকারবারীরা লাভবান হচ্ছে।
দেশের পশু সম্পদকে বাঁচাতে আর ‘গোয়াল ভরা গরু’ এ কথাটি সত্যে পরিণত করতে দরকার গোচারণ ভূমি।
বিল ভাতিয়ার মতো সারাদেশে গোচারণ ভূমি গড়ে উঠলে মানুষের শুধু অর্থনৈতিক স্বচ্ছলতাই আসবে না, মিটবে পুষ্টির চাহিদা।
