মোহাম্মদ (স.) এর ব্যাঙ্গাত্বক কার্টুনের জন্য অনুতপ্ত ডেনমার্কের রাষ্ট্রদূত
বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত নিয়েলস সেভারিন মাঙ্ক সোমবার পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের সাথে সাক্ষাৎকালে ডেনিশ পত্রিকায় হযরত মোহাম্মদ (স.) এর ব্যাঙ্গাত্বক কার্টুন ছাপানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃর্প্রচার শাখার মহাপরিচালক জহিরুল হক জানান, আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করার জন্য পররাষ্ট্র মন্ত্রী ডেনমার্কের রাষ্ট্রদূতকে অনুরোধ জানানোর জন্যে বলেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রী বিষয়টি নিয়ে রোববার পার্লামেন্টে দেয়া বিবৃতির পুনরাবৃত্তি করেন।
এম মোরশেদ খান সরাসরি ডেনিশ রাষ্ট্রদূতকে বলেন, ওই কার্টুন গভীরভাবে বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
ডেনিশ সরকারের কাছে বাংলাদেশের মানুষের আবেগকে পৌঁছে দিতে পররাষ্ট্র মন্ত্রী রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানিয়েছেন।
মোরশেদ খানের উদ্ধৃতি দিয়ে জহির বলেন, এ ধরনের ঘৃণ্য প্রচেষ্টার পুনরাবৃত্তি বন্ধে ডেনিশ সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিত।
এদিকে কার্টুন বিতর্ক নিয়ে সোমবার পার্লামেন্টে আলোচনা করার কথা থাকলেও এ ধরনের কোন আলোচনা সেখানে হয়নি।
ডেনমার্কের একটি পত্রিকায় হযরত মোহাম্মদ (সা.) কে ব্যাঙ্গ করে কার্টুন ছাপানোর কারণে লেবানন ও সিরিয়ার ডেনমার্কের দূতাবাসে হামলা এবং বিক্ষোভ সমাবেশের প্রেক্ষাপটে ঢাকায় রয়াল ডেনিস দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উচ্চপদস্থ একজন পুলিশ কর্মকর্তা সোমবার বিডিনিউজকে জানান, ডেনমার্কের দূতাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া পুলিশের একটি প্লাটুনকে অপেক্ষমান রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালের সেপ্টেম্বরে হযরত মোহাম্মদ (সা.)কে ব্যাঙ্গ করে ডেনমার্কের জাইল্যান্ডস-পোস্টেন পত্রিকায় বেশ কিছু কার্টুন ছাপা হয়। আর ফ্রান্স, জার্মানি, নরওয়ে, ইতালি, স্পেনের মত বেশ কয়েকটি ইউরোপের দেশ ওইসব ব্যাঙ্গাত্মক কার্টুন পুনরায় ছাপলে মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
