২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনমার্ক দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ডেনমার্কের একটি পত্রিকায় হযরত মোহাম্মদ (সা.)কে ব্যাঙ্গ করে কার্টুন ছাপানোর কারণে লেবানন ও সিরিয়ার ডেনমার্কের দূতাবাসে হামলা এবং বিক্ষোভ সমাবেশের প্রেক্ষাপটে ঢাকায় রয়াল ডেনিস দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

উচ্চপদস্থ একজন পুলিশ কর্মকর্তা সোমবার বিডিনিউজকে জানান, ডেনমার্কের দূতাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া পুলিশের একটি প্লাটুনকে অপেক্ষমান রাখা হয়েছে।

হিজবুততাহরিরসহ বাংলাদেশের বেশ কয়েকটি ইসলামী সংগঠন শুক্রবার হযরত মোহাম্মদ (সা.)-এর বিকৃত কার্টুন ছাপানোর ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং ঢাকায় ডেনিশ দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে।

কার্টুন ছাপানোর ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ডেনমার্ক সরকারকে ক্ষমা প্রার্থনার অনুরোধ জানিয়েছে। ডেনমার্কের রাষ্ট্রদূত নিলস সেভেরিন মাঙ্ক সোমবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে ওই ঘটনার জন্যে দুঃখ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান রোববার জাতীয় সংসদের অধিবেশনকালে বলেন, এ ধরনের ঘৃণ্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে আমরা ডেনমার্ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। ঘটনার পরপরই যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তা দমানোর লক্ষ্যে ক্ষমা প্রার্থনা করতে আমরা তাদের অনুরোধ করেছি।

২০০৫ সালের সেপ্টেম্বরে হযরত মোহাম্মদ (সা.)কে ব্যাঙ্গ করে ডেনমার্কের জাইল্যান্ডস-পোস্টেন পত্রিকায় বেশ কিছু কার্টুন ছাপা হয়।

আর ফ্রান্স, জার্মানি, নরওয়ে, ইতালি, স্পেনের মত বেশ কয়েকটি ইউরোপের দেশ ওইসব ব্যাঙ্গাত্মক কার্টুন পুনরায় ছাপলে মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জাইল্যান্ডস-পোস্টেন পত্রিকার প্রধান সম্পাদক কার্স্টেন জাস্টি এক বিবৃতিতে বলেছেন, কার্টুন আঁকার বিষয়টি ডেনমার্কের আইনে কোনো অপরাধ নয়। তবে নিঃসন্দেহে এটি অনেক মুসলমানকে আহত করেছে।