চাঁদাবাজির মামলায় মতিউর রহমান পিন্টুর জামিন লাভ
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারকৃত মতিউর রহমান পিন্টুকে সোমবার জামিন দেয়া হয়েছে। পিন্টু বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকতুল্লাহ বুলুর ছোট ভাই।
ঢাকার মহানগর হাকিম রফিকুল ইসলাম এই জামিনের আবেদন মঞ্জুর করেন।
তবে এ মামলায় জামিন পেলেও পিন্টুর বিরুদ্ধে আরো দুটি গ্রেপ্তারী পরোয়ানা থাকায় কারাগার থেকে তার মুক্তি হবে কি না সে ব্যাপারে এখনো অনিশ্চয়তা রয়েছে।
পূবালী ব্যাংকের ইমামগঞ্জ শাখার ঋণ আদায়কারী মেসার্স ইলেকট্রো ফেয়ারের পক্ষে মোশাররফ হোসেন এবং আব্দুস সালামের দায়ের করা দুটি মামলায় পৃথকভাবে পিন্টুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
সন্ত্রাসীদের গডফাদার হিসেবে খ্যাত নবী গ্রুপের সদস্য পিন্টুকে গত ২৬ জানুয়ারি একটি গাড়ির শোরুমে চাঁদার জন্য ভাংচুর ও গুলি চালানোর অভিযোগে তার শ্যামলীর বাসভবন থেকে গেপ্তার করা হয়।
শ্যামলী এলাকায় টপ কর্পোরেশন নামে গাড়ির শোরুমটির ম্যানেজার আজম খান মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।
