২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে চাঁদাবাজির অভিযোগে ৩ র‌্যাব সদস্য আটক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) এর তিন সদস্যকে রোববার চাঁদাবাজির অভিযোগে ক্লোজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জন্যে একটি ‘কোর্ট অব এনকোয়েরি’ গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এ খবর জানায়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সূত্র আরো জানায়, র‌্যাবের একজন উপ-সহকারী পরিচালক মতিউর রহমান এবং সেপাই রফিক এবং মাসুদকে র‌্যাব হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা অভিযান চালিয়ে জেএমবি সন্দেহে একজনকে আটক করে এবং এসময় সাবেক এক ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ১১ লাখ টাকা নেয়।

অভিযুক্ত ওই তিন র‌্যাব সদস্যকে সাভার থানায় নেয়া হলে তারা তাৎক্ষণিকভাবে টাকা ফেরত দেয়। কিন্তু এলিট সদস্যরা তাদের ক্লোজ করে। আটককৃতদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, গোয়েন্দা শাখার সদস্যরা কোনো অভিযান পরিচালনার জন্যে দায়িত্বপ্রাপ্ত নয়।

সূত্র জানায়, র‌্যাবের এ তিন সদস্য রোব্বার সাভারে ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালায় এবং চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে একজন ভুয়া পীরকে আটক করে।

চেয়ারম্যানের স্ত্রী আমেনা বেগম অভিযোগ করেন, ওই পীর সাহেব আলী গত চার বছরে তাদের কাছ থেকে ৫৫ লাখ টাকা নিয়ে গেছে এবং আরও ১১ লাখ টাকা নেয়ার সময় নির্ধারিত ছিল। র‌্যাব সদস্যরা তার বাড়িতে যায় এবং টাকাগুলো কোথায়, তা জানতে চায়।

চেয়ারম্যান র‌্যাব সদস্যদের জানান, টাকাগুলো আলমারিতে আছে। র‌্যাব সদস্যরা তখন পীরকে আটক করে টাকাসহ তাদের অফিসের দিকে যেতে থাকে। কিন্তু ইতোমধ্যে চেয়ারম্যান সাভার থানা এবং র‌্যাব হেড কোয়ার্টারে এ ব্যাপারে জানায়।

সাভার থানা পুলিশ এসময় দু’জন র‌্যাব সদস্যকে দেখতে পায় এবং অপর সদস্য ও টাকা কোথায় আছে, জানতে চায়। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অপর সদস্য থানায় এসে টাকাগুলো হস্তান্তÍর করেন। এ টাকা পরে চেয়ারম্যানকে ফেরত দেওয়া হয়।

মেজর জাবেদ র‌্যাব সদস্যদের এবং ভুয়া পীরকে র‌্যাব সদরদপ্তরে নিয়ে যান। চেয়াম্যানের স্ত্রী এ পীরকে জেএমবি সদস্য হিসেবে উল্লেখ করেন।

এ ব্যাপারে র‌্যাবের মিডিয়া এবং লিগ্যাল শাখার পরিচালক কমান্ডার মাসুকের মন্তব্য চাওয়া হলে তিনি বলেন, বিষয়টির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না।