হবিগঞ্জ, জামালপুর ও জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০
হবিগঞ্জ, জামালপুর এবং জয়পুরহাটে পৃথক তিনটি দুর্ঘটনায় চার ব্যক্তি নিহত এবং ১০ জন আহত হয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহা সড়কের বাহুবল উপজেলার মীরপুর তেমুহনায় রোববার বিকেলে হবিগঞ্জ থেকে সিলেটগামী বিরতীহীন বাস (ঢাকা-চ-১৬০৫) নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিছাউনিতে ঢুকে পড়ে। এসময় ওই স্থানে অবস্থানরত বেবি টেক্সি চালক সুন্দর আলী (৪০) চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং স্কুল ছাত্র সাহেব আলী (১২) কে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সুন্দর আলীর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামে এবং সাহেব আলীর বাড়ি বাহুবল উপজেলার চারিগাও গ্রামে। এ ঘটনায় আহত হয় আরও ১০ জন। বাসের চাপায় ৪/৫টি বেবিটেক্সি ভেঙ্গে চুরমার হয়ে যায়।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুর-টাঙ্গাইল সড়কের কাঁচাসড়া টিউবওয়েল পাড়ে রোববার সকালে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী জয়নাল আবেদীন (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত জয়নাল জামালপুর সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক। তার বাড়ি জামালপুরের পূর্বপাড় দিঘুলী গ্রামে।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জেলার তেঘর রেল ক্রসিং এর নিকট সান্তাহারগামী ট্রেনে কাটা পড়ে রোববার বিকালে অজ্ঞাতনামা যুবক নিহত হয়। পুলিশ জানায়, ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ওই যুবক (২৭/২৮) প্রাণ হারায়।
