গাজীপুরে ট্রাকের চাপায় নিহত ১, আহত ১০
গাজীপুর সদরের চান্দনা চৌরাস্তায় শনিবার ভোরে একটি ইটবোঝাই ট্রাকের চাপায় একজন নিহত ও ১০জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৬টায় ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক এর চালক চৌরাস্তার বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গোলচত্বরের রেলিং ভেঙ্গে ট্রাকটি বনশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাসের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসটি রাস্তার ওপর উল্টে পড়ে যায়। এরপর ট্রাকটি রিক্সা ও পথচারীদের চাপা দিয়ে সড়ক ও জনপথ কার্যালয়ের সীমানা প্রাচীরে আঘাত করলে এক অজ্ঞাত পথচারী মহিলা (৫০) নিহত এবং আরো ১০ ব্যক্তি আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় মো. ইসমাইলকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইয়াসিন (১১), হিরা (২৫), আয়না (২৫) ও কেয়াকে (৭) গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
