২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি’র ম্যানহোল থেকে নিখোঁজ অধ্যাপকের লাশ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষককে মৃত অবস্থায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পশ্চিমপাড়া শিক্ষক কোয়ার্টার এলাকার ম্যানহোল থেকে শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 06:08 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের অধ্যাপক ড. এসএম তাহের গত বুধবার ঢাকা থেকে রাজশাহী পৌঁছানোর কয়েক ঘন্টা পরই নিখোঁজ হন।

পুলিশ ও ক্যাম্পাস সূত্র জানায়, পুলিশ দুদিন ধরে ব্যাপক তল্লাশীর পর শিক্ষক-কর্মচারিদের সামনে একটি ম্যানহোল থেকে তার লাশ উদ্ধার করে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশের ধারণা।

নিহতর মাথা এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মোশাররফ হোসেন, আলফাজ এবং জাহাঙ্গীর নামে তিনজন গার্ডকে আটক করেছে। 

এদিকে শিক্ষক হত্যার প্রতিবাদে রাবি শাখার ছাত্রলীগ শনিবার সারাদিন ক্যাম্পাসে আহ্বান করেছে ছাত্র ধর্মঘট।

নিহতর পারিবারিক সূত্র জানায়, অধ্যাপক তাহের গত বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে রাজশাহী পৌঁছে ঢাকায় বসবাসরত স্ত্রী ও সন্তানদের  টেলিফোনে তার পৌঁছানোর খবর দেন।

রাত সাড়ে ৯ টার পর স্ত্রী ও সন্তানরা তার সাথে মোবাইল  ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার পরই থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর পরই পুলিশকে খবর দেয়। দুদিন অনুসন্ধানের পর পুলিশ ম্যানহোল থেকে তার লাশ খুঁজে পায়। 

অধ্যাপক তাহের ছিলেন সাবেক ভূতত্ব বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের ডীন এবং বিজ্ঞান ও কারিগরী ওয়ার্কশপের প্রশাসনিক দায়িত্বে ছিলেন।