২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রতিহত করার দাবিতে সমাবেশ, কর্মসূচি ঘোষণা

উন্নয়ন সংস্থা ‘অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন’ ভারতের মনিরামপুরের টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রতিহত এবং টেন্ডার নোটিশ বাতিলের দাবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 01:25 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

শুক্রবার দোয়েল চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ  থেকে এ দাবি জানানো হয়। পরে দোয়েল চত্বর থেকে কালো পতাকা মিছিল নিয়ে সমাবেশ শেষ হয় শাহবাগ মোড়ে।  

সমাবেশে জানানো হয়, মনিরামপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলার টিপাইমুখ গ্রামে আর্ন্তজাতিক বরাক নদী ও টুইভাইয়ের মিলনস্থলে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ‘টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প’ গঠন করা হয়েছে। এ লক্ষ্যে ভারতের বিদ্যুৎ মন্ত্রনালয়ের সরকারি নিপকো কোম্পানি আর্ন্তজাতিক দরপত্র আহ্বান করেছে।

এতে জানানো হয়, এ বাঁধ নির্মাণ হলে বাংলাদেশে প্রাকৃতিক বিপর্যয় শুরু হবে। কেননা, বরাক নদী সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে এ দেশে প্রবেশ করেছে। পরে তা মেঘনা নদীতে পরিণত হয়েছে।

সমাবেশে আরো জানানো হয়, তাই বাংলাদেশ সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে এই বাঁধ নির্মাণ হলে বর্ষা মৌসুমে পানির ঢল নেমে আসবে; যা ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগ ডেকে আনবে। আবার শীতকালে পানি আটকে রেখে ডেকে আনা হবে বাংলাদেশ এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলে মহাবিপর্যয়।

অঙ্গীকার বাংলাদেশের এ প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বাংলাদেশ পরিবেশ রক্ষা আন্দোলন, গ্রীন ভয়েস, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ এবং মনিরামপুরের সেন্টার ফর অর্গানাইজেশন রিসার্চ এন্ড এডুকেশন (কোর) সংগঠন।

সমাবেশে বক্তব্য রাখেন অঙ্গীকার বাংলাদেশের প্রধান পরিচালক ইঞ্জিনিয়ার মুহম্মদ হিলালউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবম ফারুক, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।

আয়োজনে টিপাইমুখ বাঁধের টেন্ডার নোটিশ বাতিলের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে, ৩১ মার্চের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে এক লাখ পোস্টকার্ড এবং ১০ লাখ ই-মেইল পাঠানো, সুরমা, কুশিয়ারা, মেঘনা নদীতে ১২টি নৌ-অবস্থান কর্মসূচি পালন এবং বাংলাদেশ-উত্তর-পূর্ব ভারতের মধ্যে বাঁধ প্রতিরোধে যৌথ গণকমিশন গঠন করা।