যান চালকদের হাই সিকিউরিটি ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করছে সরকার, পাকিস্তানের সাথে চুক্তি
ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের প্রবণতা সম্পূর্ণরূপে রোধ, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং সড়ক, মহাসড়কে সুষ্ঠু যানবাহন চলাচলের লক্ষ্যে সরকার দেশের সকল প্রকার যানবাহনের চালকদের জন্যে হাই সিকিউরিটি ড্রাইভিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
এব্যাপারে বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয় পাকিস্তান সরকারের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির মাধ্যমে সকল গাড়ি চালকদের আগামী ১৫ সপ্তাহ পর ডাটা বেইজড হাই সিকিউরিটি ড্রাইভিং লাইসেন্স প্রবর্তনের কাজ শুরু করবে। আর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আধুনিক প্রযুক্তিসম্পন্ন এ ড্রাইভিং লাইসেন্স গাড়ি চালকদের ইস্যু করবে।
যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র চেয়ারম্যান ড. এম এ মোমেন এবং পাকিস্তানের ন্যাশনাল ডাটা বেইজ- রেজিস্ট্রেশন অথরিটি’র- এনএডিআরএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার সালেম আহমেদ মঈন (অব:)। যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এবং যোগাযোগ সচিব মোঃ শফিকুল ইসলামসহ যোগাযোগ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এবং পাকিস্তান দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্সসহ দূতাবাসের পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী পাকিস্তানের ন্যাশনাল ডাটা বেইজড রেজিস্ট্রেশন অথরিটি পাঁচ বছর মেয়াদে এ প্রকল্পের আওতায় আট কোটি নিরানব্বই লাখ পঁচিশ হাজার টাকা ব্যয় সাড়ে সাত লাখ পঞ্চাশ হাজার ডাটা বেইজড হাই সিকিউরিটি ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করে বিআরটিএকে সরবরাহ করবে।
এখন থেকে পনের সপ্তাহ পর বিআরটিএ গাড়ি চালকদের মধ্যে হাই সিকিউরিটি ড্রাইভিং লাইসেন্স প্রদানের কর্মসূচি নেবে। পাশাপাশি বর্তমানে গাড়ি চালকদের ব্যবহৃত বিআরটিএ’র জেনুইন লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্সও কার্যকর থাকবে। তবে ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহারের প্রবণতা বন্ধের লক্ষ্যে বিআরটিএ এর আগে প্রচলিত লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্স প্রদান বন্ধ রাখবে এবং পর্যায়ক্রমে সকল প্রকার গাড়ি চালকদের নিকট হাই সিকিউরিটি ড্রাইভিং লাইসেন্স প্রদানের কর্মসূচি অব্যাহত রাখবে।
