বরিশালে জেএমবি সন্দেহে মসজিদের ইমাম আটক
র্যাব-৮ এর সদস্যরা মঙ্গলবার রাতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) সদস্য সন্দেহে বরিশাল জেলার জাগুয়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নুরুল্লাহকে (২৮) গ্রেপ্তার করেছে।
আটককৃত নুরুল্লাহ বরিশাল জাগুয়া নূরাণী মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক। র্যাব সদস্যরা নুরুল্লাকে সোনামিয়ার পুল সংলগ্ন এলাকা থেকে আটক করে।
আটকের ব্যাপারে তার পিতা আস্রাব আলী ওরফে আশু ভাই সাংবাদিকদের কাছে বলেন, তার ছেলে নির্দোষ এবং সে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা থেকে টাইটেল পাশ করে সম্প্রতি বরিশাল এসেছে।
এদিকে র্যাব-৮ এর কার্যালয় থেকে জানানো হয়, আটককৃত নুরুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
