২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক ও নদী পথে পৃথক দুটি দুর্ঘটনায় নিহত ৬

মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় তিন জন এবং নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় তিন জন মারা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 04:15 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

শরীয়তপুরের ইশানবালার কাছে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এম ভি সুরভী-৬ ঘন কুয়াশার কারণে নোঙর করে থাকা অপর যাত্রীবাহী লঞ্চ এম ভি সালাউদ্দিন-১ কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যায়।

নিহতরা হলেন ভোলার চর ফ্যাশন উপজেলার ওসমানগঞ্জের বাবুল হাওলাদার(২৫), একই জেলার বোরহানউদ্দিন উপজেলা সদরের রানু বেগম(৩৫) ও লালমোহন উপজেলা সদরের নাসিদা বেগম(২৫)।

রাত ১২ টারদিকে দুর্ঘটনাটি ঘটে। এব্যাপারে লঞ্চে অবস্থানরত সালাউদ্দিন-১ এর মালিক জানান দুর্ঘটনার পর পর সুরভী লঞ্চটি পালিয়ে যায়। বর্তমানে কোন যাত্রী নিখোঁজ নেই বলে তিনি দাবী করেন।

অপর দিকে নরসিংদী জেলার শিবপুর উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় পেয়ারা বেগম (২৫), মামুন (২০) ও জুয়েল (২৫) নামে তিন ব্যক্তি নিহত ও অন্তত ২০জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পোড়াবাড়ি হাজারীবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ৮টার দিকে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ওই তিন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে শিবপুর থানায় একটি মামলা হয়েছে।