২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবে-উৎসবে বড়দিন

রাজধানীর কাকরাইলের সেইন্ট মেরি’স ক্যাথিড্রাল গির্জার চারদিক তখন আলোয় ভাসছে। আলো ঝলমল গির্জা রাত ১২টা ১ মিনিটে হঠাৎ সচকিত হয়ে ওঠে ঘন্টাধ্বনিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

আর্চবিশপ প্যালিনুস কস্তা সোমবার প্রথম প্রহরে এভাবেই গির্জার সবকটি ঘন্টা বাজিয়ে, কেক কেটে উদ্বোধন করেন শুভ বড়দিনের, খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। রাতেই পাদ্রিদের সঙ্গে বাইবেলের বাণীতে যীশুর উদ্দেশে প্রার্থনায় জড়ো হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা।

পৃথিবীর আর সব দেশের মতো বাংলাদেশেও বড়দিন উদযাপিত হচ্ছে ধর্মীয় ভাবগাম্ভীর্যসহ বিভিন্ন গির্জার আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি সাজানো, সান্তা ক্লজ এর উপহার , পারিবারিক পুনর্মিলন ও মজার মজার খাবার পরিবেশনের মধ্য দিয়ে।

বেশিরভাগ গির্জাগুলোতে পালিত হয়েছে ঐতিহ্যবাহী খ্রিস্টীয় আচার।

নিরাপত্তা রক্ষায় সব গির্জায় দেখা গেছে পুলিশ ও র‌্যাবের কড়া নজরদারি।

‘আজি শুভ দিনে পিতার ভবনে, অমৃত সদনে চলো যাই....’ প্রার্থনা সঙ্গীত দিয়ে তেজগাঁওয়ের হোলি রোজারি গির্জায় সকালে বড়দিনের প্রার্থনায় সমবেত হন প্রায় সাড়ে ৩০০ খ্রিস্টান। প্রার্থনা শেষে উপহার বিনিময় করেন সবাই।

মগবাজারের সেইন্ট থমাস গির্জায় সকালের প্রার্থনা শেষে কীর্তন গানের আয়োজন করা হয়। যীশুর নামকীর্তন করাই এই সঙ্গীতের প্রধান লক্ষ্য বলে জানালেন ফাদার রেভারেন্ড জন প্রভোদান হীরা।

প্রার্থনা সভায় লোক সমাগম কম উল্লেখ করে তিনি বলেন,“ এবারে বড়দিনের সঙ্গে ঈদের ছুটি কাছাকাছি হওয়াতে অধিকাংশ লোক গ্রামের বাড়িতে উৎসব করতে চলে গেছে। তাই খুব বেশী জমায়েত হয়নি।”

রাতের কাকরাইল গির্জা ছিল গাম্ভীর্য। সকালে ওই একই গির্জা ভরে ওঠে কোলাহলে। নতুন পোশাক পরা শিশুরা মিলনায়তনের কৃত্রিম গো-শালা ও দোলনা দেখে আনন্দ পেলেও বড়দের মধ্যে ছিল তাড়াহুড়া।

মিরপুর থেকে আসা ড্যানিয়েল দম্পতি বললেন, “প্রার্থনা শেষেই বাসায় ফিরতে হবে। অনেক অতিথি আসবেন। রাতে গুলশান ক্লাবের পার্টিতে যেতে হবে, তাই সময় কম।”

হোটেল শেরাটন এর লবিতে অনুষ্ঠিত এবারের বড়দিনের বিশেষ আয়োজন ছিলো চিলড্রেন পার্টি। ছোট্ট শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরীদের ভিড়ে সান্তা ক্লজ প্রায় ঢাকাই পড়ে গিয়েছিলো। পাপেট শো ও বানরের স্পেশাল নাচ দেখে ভীষণ খুশি সবাই। ম্যাজিক শো দেখে হাত রুমাল নিয়ে ঘুরছিলো অনেকে। বিস্কুট-চকলেট-ক্রিম দিয়ে বানানো কুঁড়ে ঘরের সামনে ছবি তুলতে তুলতে ঘর ভেঙ্গে বিস্কুট খাচ্ছিলো আট বছর বয়সী রিপা ও আরিয়ান। এ ছাড়া রং বেরংয়ের আলো দিয়ে সাজানো ক্রিসমাস ট্রির সামনে ছবি তুলতে ব্যস্ত ছিলো অভিভাবকসহ অনেক শিশু।

হোটেল সোনারগাঁয় বড়দিনের বিশেষ আকর্ষণ ছিলো বিশেষভাবে সজ্জিত ক্রিসমাস ট্রি সহ বিশেষ খাবারের আয়োজন ‘প্রাণ ব্রেকফাস্ট কাম ডিনার’। দেড় থেকে দু হাজার টাকা দামের এই ব্রেকফাস্ট সকাল ১১টায় মধ্যেই বিক্রি হয়ে যায় বলে জানা গেছে।

এ ছাড়া গির্জাগুলোর মতো সেজেছে অনেক বাড়িও। রঙিন কাগজের শিকল ও তারা, আলোকমালায় সাজানো ঝাউগাছ দিয়ে তৈরি ক্রিসমাস ট্রি বড়দিনের অন্যতম আকর্ষণ বলে জানালেন তেজকুনিপাড়ার দিলীপ রোজারিও।