মনোনয়ন না পেলে স্বতন্ত্র লড়বেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান বিএনপির মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।
শুক্রবার এক জনসভায় তিনি আরও বলেন, “বিজেপি চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুরকে ভোলায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হলো। আগামী তিন মাস তাকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না।”
বিএনপির উপদেষ্টা পরিষদ সদস্য শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমি ভোলায় বিএনপি প্রতিষ্ঠা করেছি। ভোলা-১ (সদর) আসনে আমি নির্বাচন করবোই। যদি কোনো কারণে জোট থেকে নাজিউর রহমানকে মনোনয়ন দেয়া হয়, আমি তা মানবো না। ভোলায় নাজিউরকে প্রতিরোধ করা হবে।”
তিনি আরো বলেন,“ প্রয়োজনে স্বতন্ত্র নির্বাচন করবো।”
শুক্রবার ভোলা জেলা বিএনপি আয়োজিত নতুন বাজার চত্ত্বরের সমাবেশে মোশারেফ হোসেন বলেন, আজ দিনের শেষে আঘাত এসেছে। একজন দুর্নীতিবাজ ফাঁকিবাজ লোকের হাতে বিএনপিকে ছেড়ে দিতে পারি না। বেগম জিয়া এ ব্যাপারে আমাকে কিছু বলতে পারেন না।
তিনি সমাবেশে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, “আমি অসৎ কালো টাকার মালিককে ভয় পাই না। আমি ভোলা-১ থেকে নির্বাচন করবোই। যত টাকা লাগে নেবেন।”
জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম খান, রাইসুল আলম, যুবদল সভাপতি ইয়ারুল আলম লিটন, হেলাল উদ্দিন প্রমুখ।
সমাবেশে তিনি বলেন, “নাজিউরকে যে কোনো মূল্যে ভোলায় প্রতিরোধ করা হবে।”
ভোলা-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গত বৃহস্পতিবার মোশারেফ হোসেন শাজাহান ও নাজিউর রহমান মঞ্জুর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহ¯পতিবার ভোলা নতুন বাজার চত্বরে জনসভা করে নাজিউর রহমান নিজেকে চারদলীয় জোটের মনোনীত প্রার্থী ঘোষণা করে ভোলা-১ (সদর) আসনে মনোয়নপত্র দাখিল করেন।
