শ্যামলিতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস
হরতালের সমর্থকেরা বৃহষ্পতিবার সকালে শ্যামলীতে কয়েকটি গাড়ি ভাংচুরের পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছুঁড়লে হরতাল সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। পুরো পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।
আদাবরে সেনাসদস্যরা পিকেটারদের ধাওয়া দিয়েছে। আদাবর এলাকায় প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ইট-পাটকেল পড়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদক আবু সুফিয়ান শ্যামলিতে কমপক্ষে দুইটি বাসে আগুন ধরিয়ে দেওয়া দেখেছেন।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ, ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের তফসিল পুনঃনির্ধারণ সহ অন্যান্য দাবিতে বৃহস্পতিবার ১৪ দল, জাতীয় পার্টি, এলডিপি সহ মহাঐক্যজোটের ডাকে সকাল সন্ধ্যা হরতাল হচ্ছে।
হরতাল চলাকালে মিরপুর ও মহাখালি এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর এবং পুরো ঢাকাতেই বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।
১৮ ডিসেম্বর পল্টনে ১৪ দলের মহা সমাবেশ থেকে এ হরতালের ডাক দেওয়া হয়।
রাজধানীর ৩৬টি জায়গায় হরতালের কর্মী-সমর্থকেরা অবস্থান নিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবারের হরতালে রিক্সাসহ অন্যান্য যানবাহন চলতে না দেওয়ার ঘোষণা দেওয়া হলেও সকাল থেকেই রাস্তায় রিক্সা চলাচল করছে। তবে বাসসহ অন্যান্য যানবাহনের সংখ্যা খুবই কম।
হরতালের সমর্থনে মহানগর ১৪ দল, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ মিছিল বের করেছে। এছাড়া সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল হচ্ছে।
রাজধানীর মিরপুরে হরতাল সমর্থকেরা মিরপুর ১০ ও ১২ নম্বর ঘুরে এসে ১০ নম্বর গোল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এতে নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। হরতাল সমর্থনকারীরা এসময় রিক্সা চলাচলে বাধা দেয় এবং কয়েকটি গাড়িও ভাংচুরও করে।
উত্তরায় সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল হচ্ছে। হরতাল সমর্থনকারীরা সকাল থেকে রাস্তা দখল করে রেখেছে এবং রিক্সা সহ অন্যান্য যানবাহন চলাচলে বাধা দিচ্ছে।
মহাখালীতেও সকাল থেকে ছোট ছোট মিছিল-সমাবেশ হয়েছে। দোকানপাট ও স্কুল কলেজ সব বন্ধ রয়েছে। এছাড়া দুএকটি গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটেছে।
