সব জটিলতা শেষ: সফিক
সফিকুল হক চৌধুরী মনে করেন, স ম জাকারিয়াকে ছুটিতে পাঠানো এবং নির্বাচন তফসিলের পুননির্ধারণে সব জটিলতা কেটে গেছে।
সফিক আশা করেন, নির্ধারিত ৯০ দিনের সময়সীমার মধ্যে প্রস্তাবিত তারিখেই সবাই নির্বাচনে অংশ নেবেন।
চার উপদেষ্টার পদত্যাগের পর ১২ ডিসেম্বর নিয়োগ পাওয়া উপদেষ্টা সফিকুল হক চৌধুরী বঙ্গভবনের বৈঠক থেকে বেরিয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রত্যয়ী সফিক বলেন, “এখন আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা আমার কাজ নয়। আমার কাজ শেষ। আমি মনে করি জটিলতা যা ছিল তা কেটে গেছে।”
চারদলের দাবির প্রেক্ষিতে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সফিকুল হক চৌধুরী বলেন, “আমাদের এই সিদ্ধান্ত কোন না কোন দল বা জোটের পক্ষে যাবেই। কারণ সাংবিধানিক বিধান তো ভাঙ্গা যাবে না।”
উপদেষ্টা বলেন, বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনা শেষে উপদেষ্টারা সবাই ২২ জানুযারী নির্বাচন অনুষ্ঠানের পক্ষে একমত হয়েছেন।
৯০ দিনের বাইরে নির্বাচন করা সম্ভব কিনা তা জানতে সুপ্রিম কোর্টের রেফারেন্স দরকার বলে সফিক মনে করেন। তবে এই রেফারেন্স প্রক্রিয়া অনেক দীর্ঘ এবং হাতে সময় না থাকায় ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরীকে ছুটিতে যাওয়ার অনুরোধ জানানো হবে কিনা এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আজকের বৈঠকে এই বিষয়ে কোন আলোচনা হয়নি। এ বিষয়ে আগে কোন সিদ্ধান্ত হয়ে থাকতে পারে।”
সাংবাদিকদের তিনি বলেন, “উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকার উপস্থিত ছিলেন। তিনি আমাদের জানিয়েছেন, যে সময় হাতে আছে তার মধ্যেই ব্যালট, বাক্স তৈরি করে সারাাদেশে পৌছাঁতে পারবেন।”
সফিকুল হক চৌধুরী বলেন, “১৪ দলের সঙ্গে বিভিন্ন সময় আমার কথা হয়েছে। তারা আমাকে বলেছেন, আপনারা দেখেন কতটা ছাড় দিতে পারেন।”
