গভীর রাতে এলডিপি ও জাপা নেতৃবৃন্দের সঙ্গে আ.লীগের বৈঠক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার গভীর রাতে এলডিপি ও জাতীয় পার্টি নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বৈঠকে হরতাল পরবর্তী কর্মসূচি ও আসন বণ্টন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানাগেছে।
প্রতিনিধি দলটি প্রথমে এলডিপি সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বৈঠক করেন। এসময় উপস্থিত ছিলেন এলডিপির মেজর (অব.) মহাসচিব আব্দুল মান্নান।
সাবেক রাষ্ট্রপতির সঙ্গে এক ঘণ্টার বৈঠক শেষে প্রতিনিধি দলটি সাবেক প্রধানমন্ত্রী জাতীয় পর্টির কাজী জাফর আহমেদের গুলশানের বাসায় অপর এক বৈঠক করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, সাবেক পররাষ্ট্র মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং সবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলু।
সূত্র জানায়, সোমবার মহাজোট ঘোষণার মধ্য দিয়ে মহাসমাবেশ থেকে বৃহস্পতিবার যে হরতাল ডাক দেওয়া হয়েছে তার পরবর্তী কর্মসূচি কী হতে পারে এ বিষয়ে উভয় বৈঠকে আলোচনা হয়েছে।
এর আগে সোমবার পল্টন ময়দানে মহাসমাবেশ থেকে জাতীয় পার্টির সভাপতি হুসেইন মোহাম্মদ এরশাদ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে একাত্বতা ঘোষণা করেন। ওই দিনের মহাসমাবেশে তিনি ঘোষণা দেন নির্বাচন কমিশন সংস্কার ও তফসিল পরিবর্তনের দাবিতে জাতীয় পার্টিও ১৪ দলের সঙ্গে এক কাতারে আন্দোলন চালিয়ে যাবে।
মহাসমাবেশে বি চৌধুরীও ১৪ দলের সকল কর্মসূচির সঙ্গে একাত্মতা জানান।
অবশ্য মঙ্গলবার রাতের বৈঠকে আসন্ন নির্বাচনে একই প্লাটফর্ম হতে নির্বাচনের ব্যাপারে কোন রকম আলোচনা হয়নি বলে সূত্র জানিয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক জলিলের নেতৃত্বে চার সদস্যের ওই প্রতিনিধি দলে আরও ছিলেন সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগ প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর এবং অসীম কুমার উকিল।
তবে বৈঠক শেষে তিনদলের কেউই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে মুখ খুলতে রাজি হননি।
এর আগে মঙ্গলবার ১৪ দল নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে জলিল রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের উদ্দেশ্যে বলেছেন, “দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না।”
