নির্বাচনে প্রার্থী হতে সম্পদের হিসাব দিতে হবে না
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আয় ও সম্পদের হিসাবসহ আট ধরনের তথ্য নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য হাইকোর্টের নির্দেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ। মামলার শুনানিতে অংশ নেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, আজমালুল হোসেন ও ব্যারিস্টার ওমর সাদাত।
আদালত একইসঙ্গে ওইসব তথ্য ছাড়াই প্রার্থীদের কাছ থেকে ফরম নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি জয়নাল আবেদীন এই আদেশ দেন।
আইনজীবীরা বলছেন, এ রায়ের ফলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বাড়তি কোনো যোগ্যতার প্রয়োজন পড়বেনা। এমনকি কালোবাজারি, ঋণখেলাপি বা করখেলাপিরও নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকবে না। যে কোনো নাগরিকের বয়স ২৫ হলেই এবং তিনি দেউলিয়া বা অপ্রকৃতস্থ না হলেই নির্বাচনে প্রার্থী হতে পারবেন।
২০০৫ সালের ২৪ মে এডভোকেট আবদুল মোমেন চৌধুরীসহ তিন আইনজীবীর দায়ের করা এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ নির্বাচন কমিশনকে প্রার্থীদের কাছ থেকে আটটি তথ্যসহ হলফনামা নেওয়ার নির্দেশনা দেয়।
মামলার একজন রিটকারী এ আদেশের পর সাংবাদিকদের বলেন, রায় স্থগিত করার জন্য তারা আপিল করবেন। তিনি জানান, রিটকারী পক্ষকে না জানিয়েই সব কিছু করা হয়েছে। রিটকারী পক্ষে এডভোকেট অন রেকর্ড সৈয়দ মাহবুবুর রহমানকেও জানানো হয়নি। বিষয়টি রহস্যজনক।
হাইকোর্ট নির্বাচনের প্রার্থীর জন্য যে আটটি তথ্য আবশ্যক হিসেবে দিতে বলেছেলিন, সেগুলো হলো-প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সনদপত্র; বর্তমানে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত কি-না; প্রার্থীর বিরুদ্ধে আগে কোনো ফৌজদারি মামলা থাকলে তার ফলাফল; পেশা বা জীবিকা; আয়ের উৎস; আগে সংসদ সদস্য থাকলে জনগণকে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি অর্জনে ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে ভূমিকা পালন করেছেন কী-না; প্রার্থী এবং প্রার্থীর পোষ্যদের সম্পদ ও দায় দেনার বিবরণ এবং প্রার্থী নিজে ব্যক্তিগত বা যৌথভাবে বা পোষ্যদের নামে ব্যাংক কিংবা অর্থ লগ্নিকারী কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে কোন প্রকার ঋণ নিয়ে থাকলে তার পরিমাণ ও প্রাসঙ্গিক অন্যান্য তথ্য, প্রার্থী কোন ঋণগ্রহনকারী কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক কিংবা পরিচালক থাকলে ওই কোম্পানির ঋণের পরিমান কত?
এছাড়া হাইকের্টের রায়ে বাংলাদেশ সরকারের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারকে প্রত্যেক নির্বাচনী এলাকার প্রাথীদের জীবন বৃত্তান্ত ও কর্মকাণ্ড সম্পর্কিত তথ্যাবলী ভোটারদের তথা সর্বসাধারনের অবগতির জন্য গণমাধ্যমে প্রচার করার নির্দেশ দেয়া হয়েছিল।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী জনৈক আবু ছাফা ২০০৫ সালের ৩ জুলাই লিভ টু আপিল দায়ের করেন।
সুপ্রিম কোর্ট এবছরের ৬ এপ্রিল আপিলটি শুনানির জন্য গ্রহন (লিভ মঞ্জুর) করে।
নির্বাচন আসন্ন বলে আবু ছাফা চেম্বার বিচারকের কাছে সংসদ নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীদের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ ও প্রচারের নির্দেশ সম্বলিত হাইকোর্টের ওই রায় স্থগিতের আবেদন জানান।
তার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, আজমালুল হোসেন ও ব্যারিস্টার ওমর সাদাত।
আইনজীবীরা শুনানিতে বলেন, তাদের মক্কেল অষ্টম শ্রেনী পাস। এ রায়ের ফলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সংবিধান বা নির্বাচনী আইনে কোথাও এ ধরনের তথ্য চাওয়ার বিধান নেই।
তারা দাবি করেন,ওই রায় সংবিধানের ৬৬ অনুচ্ছেদ পরিপন্থী’।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আপিল বিভাগের এই আদেশের ফলে যে কোনো কালো টাকার মালিক নির্বাচনে প্রার্থী হতে পারবে। স্বচ্ছ নির্বাচনে অনুষ্ঠানের ক্ষেত্রে এই আদেশ ক্ষতিকর প্রভাব ফেলবে।”
এতবড় গুরুত্বপূর্ণ একটি বিষয় চেম্বার জজের আদালতে বিচার না করে পুর্নাঙ্গ বেঞ্চে নিস্পত্তি করা সঙ্গত ছিল বলে মন্তব্য করেন মাহবুবে আলম।
আরেক আইনজীবী জেয়াদ আল মালুম বলেন, “এ রায়ের ফলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বেড়ে যাবে। কালো টাকার মালিক ও সন্ত্রাসীরা নির্বাচনে দাঁড়ানোর সুযোগ পাবে। সৎ ও ভালো মানুষ ভোটে দাঁড়াতে নিরুৎসাহিত হবে।”
