র্যাবের হাতে গ্রেপ্তারের ১২ ঘণ্টা পর কুষ্টিয়ার জাহিদুলের মৃত্যু
র্যাবের হাতে গ্রেপ্তারের ১২ ঘণ্টা পর কুষ্টিয়ার তালিকাভুক্ত সন্ত্রাসী সাজাপ্রাপ্ত আসামী সাবেক পৌর কমিশনার জাহিদুল ইসলাম (৩০) মারা গেছে।
তার মৃত্যুর ঘটনায় মঙ্গলবার কুষ্টিয় শহরে তুলকালাম ঘটেছে। শহরজুড়ে বিক্ষোভ করেছে জনতা। জেলা প্রশাসক তালুকদার শামসুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক নূর উর রহমানকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে র্যাব কুষ্টিয়া ইউনিটের সদস্যরা শহরের বাঁধপাড়া ও চরমিলপাড়া ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি চালিয়ে জাহিদুলকে গ্রেপ্তার করে। এর পর তাকে র্যাবের ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে জাহিদুলের মুক্তির দাবিতে এলাকার সহস্রাধিক মানুষ দুপুরে শহরে বিক্ষোভ করে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। বিক্ষোভকারীরা ফিরে আসার সময় র্যাব তাদের ওপর লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার র্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদের সময় জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যা ৬ টার দিকে তাকে অসুস্থ অবস্থায় সদর থানায় হস্তান্তর করা হয়। থানা থেকে ৭ টার দিকে আদালতে পাঠানো হলে সেখান থেকে তাকে জেলখানায় পাঠানো হয়।
জেল হাসপাতালে চিকিৎসার এক পর্যায়ে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে আবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর পৌনে ১২ টার দিকে সে মারা যায়।
কুষ্টিয়া ১৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার জাহিদুলের বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা আছে। একটি মামলায় তার ১০ বছরের সাজাও হয়েছে।
দীর্ঘদিন পলাতক থাকায় চলতি বছরের শুরুর দিকে তাকে ওয়ার্ড কমিশনার পদ থেকে বহিষ্কার করে ওই ওয়ার্ডে উপনির্বাচন দেওয়া হয়।
গ্রেপ্তারের পর জাহিদুলের ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছে এবং এ কারণেই তার মৃত্যু হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
